“এখানে ৬ লক্ষ ৫৬ হাজার দিদি ও বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। অগাস্ট মাসের কিস্তির টাকা সেপ্টেম্বরে ঢুকেছে।” গতকাল পুরুলিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি বলেন, “আমি প্রকাশ্য সভায় বলেছি। আজকেও বলে গেলাম। পুরুলিয়ায় ২০১৮ সাল থেকে মানুষ পদ্ম ফুলকে ভোট দেন। পুরুলিয়ার মানুষ আমাদের সঙ্গে প্রথম দিন থেকে আছেন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পিছনে দার্জিলিঙের পাহাড়, পুরুলিয়া এদের ভূমিকা সবথেকে বেশি। এই জায়গাগুলি আমার উন্নয়নের অগ্রাধিকারেও থাকবে।” তিনি আরও বলেন, “এখানে আবাসে নতুন বাড়ির তালিকা গেছে…প্রায় ২ লক্ষর কাছাকাছি নতুন বাড়ির আবাসের তালিকা গেছে। ইতিমধ্যে ১৬ হাজারকে ৬০ হাজার করে দ্বিতীয় কিস্তির টাকা আমরা দিয়েছি।”
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে ‘অন্নপূর্ণা দিবস’-এর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘অন্নপূর্ণা দিবস’ পালনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতোই ওই অনুষ্ঠান থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইসিডিএস ও আশা কর্মীদের বেতন অগাস্ট মাস থেকে পাঁচ হাজার টাকা করে বাড়িয়েছে রাজ্য সরকার । এছাড়া প্রাণিমিত্রাদেরও বেতন দু’হাজার টাকা করে বাড়ানো হয়েছিল। কিন্তু যেহেতু তাঁদের বেতন ১০ হাজার টাকার কম, তাই তাঁরাও অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন।
গত ১৭ তারিখে বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে ছিল অন্নপূর্ণা দিবসের উদযাপন। ওইদিন যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে জমা পড়ে। অনুষ্ঠান থেকেই বক্তব্য রাখুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে অন্নপূর্ণা দিবস হিসাবে পালিত হয়েছে। নতুন সরকারের প্রতিশ্রুতি ছিল সরকার তৈরি হলে ২৫ থেকে ৬০ বছরের যে সব মা বোনেরা আয়কর দেয় না, সরকারি চাকুরে নয়, তাঁরা পশ্চিমবঙ্গ সরকার থেকে মাসে ৩ হাজার টাকা পাবে।”
কবে প্রথম সিদ্ধান্ত হয় অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে? সেই বিষয়েও তথ্য দেন মুখ্যসচিব। তিনি বলেন, “৯ মে-তে যখন মুখ্যমন্ত্রী শপথ নিলেন, তার পরের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হল অন্নপূর্ণা যোজনা বাস্তবায়িত করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের এটা সব থেকে বড় প্রকল্প। দেশে এত বড় প্রকল্প আর কোনও রাজ্যে নেই।”
BJP-CPM Clash : গড়বেতায় মিছিল ফেরত বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় সিপিএম, উত্তপ্ত এলাকা
