ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : বিশ্বকর্মা পুজোর আগে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বাড়বে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুপুর হতেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে ঝড়। আকাশ কালো মেঘে ঢেকেছে ইতিমধ্যেই। ঝড়বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলাতেও। কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিধাননগর এলাকায় ১ ঘণ্টার বেশি সময় ধরে প্রবল বৃষ্টি হয়েছে। আগামী ৩ ঘণ্টার জন্য কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। সেই তালিকায় রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা – এই জেলাগুলি। কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টির দাপট ক্রমশ বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে তুমুল ঝড়বৃষ্টি হচ্ছে। এইসব জেলাগুলিতে আগামী ৩ ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
টাকার বিনিময়ে ৯০ জনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, অভিষেকের PA-র নামে ফের প্রতারণার অভিযোগ
কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সল্টলেকের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার দাপট রয়েছে বৃষ্টির সঙ্গে। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। আগামীকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। কয়েক জায়গায় নিচু রাস্তা থাকার কারণে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। বজ্রপাত হচ্ছে, তাই সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। আর সেই মতোই বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা, শহরতলি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে এবং তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী রবিবার পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে। আগামী সপ্তাহের শুরু থেকে, সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আবহাওয়া দফতর।
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি
