মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট


পশ্চিম এশিয়ায় অব্যাহত যুদ্ধের আঁচ। আর সেই যুদ্ধের আঁচ এবার এসে পড়ল ভারতের শেয়ার বাজারে। অব্যাহত শেয়ার বাজারের ধস। বিরাট পতন দেখল ভারতের দুই শেয়ার বাজার সূচক সেনসেক্স ও নিফটি। আগেই এই ধসের ব্যাপারে আঁচ করেছিলেন বিশেষজ্ঞরা। আর এবার সেই শঙ্কাই সত্যি হল। এদিন বাজার খুলতেই ১,৫০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স। অন্যদিকে, প্রায় ৫০০ পয়েন্ট পড়েছে আর এক সূচক নিফটি ৫০।

উল্লেখ্য, গত ৫ দিনে ভারতের শেয়ার সূচক নিফটি পড়েছে প্রায় ১,১৮০ পয়েন্ট। শতাংশের বিচারে যা প্রায় ৪.৬ শতাংশ। আবার আর এক শেয়ার সূচক সেনসেক্স এই একই সময়ের মধ্যে পড়েছে প্রায় ৪ হাজার পয়েন্ট। শতাংশের বিচারে প্রায় ৪.৮ শতাংশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে গত কয়েক দিন ধরে একদিকে যেমন বেড়েছে সোনার দাম, তেমনই পড়েছে ভারতের শেয়ার সূচক। ভারতের মূল দুই বেঞ্চমার্ক সূচক পড়ার পাশাপাশি পড়েছ আরও একাধিক সূচক।

নিফটি মেটাল এদিন বাজার খুলতেই পড়েছে প্রায় ৩ শতাংশ। নিফটি পিএসইউ ব্যাঙ্ক পড়েছে প্রায় ২.৮ শতাংশ বা ২৭০ পয়েন্ট। পড়েছে নিফটির মিডক্যাপ ১৫০ সূচকও। এই সূচক ২ শতাংশের বেশি পড়েছে। পয়েন্টের হিসাবে পড়েছে প্রায় ৪৪৬ পয়েন্টের মতো। ২.৫ শতাংশ বা ২৪৫ পয়েন্ট পড়েছে নিফটি কমোডিটিস। ২.৭৮ শতাংশ বা ৭৬০ পয়েন্টের বেশি পড়েছে নিফটি অটো সূচক।

তবে, এত পতনের মধ্যে একমাত্র উজ্জ্বল উপস্থিতি নিফটি আইটি সূচকের। ৪ মার্চ বাজার খোলার সময় এই সূচক বেড়েছে প্রায় ১১৩ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ।

তবে, শুধুমাত্র ভারতের শেয়ার সূচকের এমন অবস্থা, এই কথা ভাবলে খুবই ভুল ভাবা হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার কারণে এশিয়া থেকে ইউরোপ, সর্বত্রই পড়েছে শেয়ার সূচক। জাপানের শেয়ার সূচক নিক্কেই পড়েছে প্রায় ৩.৫ শতাংশ। হংকংয়ের সূচক হাংসেং পড়েছে প্রায় ২.৭৮ শতাংশ। এক্স অ্যান্ড পি-র এশিয়া ৫০ সূচক আজ সকাল থেকেই পড়েছে প্রায় ৮.২ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে সম্ভবত দক্ষিণ কোরিয়ার স্টক এক্সচেঞ্জ সূচক KOSPI-এর। কারণ, বাজার খোলার পরই ৮ শতাংশ পড়ে যাওয়ায় প্রায় ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ করে দেওয়া হয় এদিন। তারপর খোলার পর বাজার আরও কিছুটা পড়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *