জগৎবল্লভপুর : ঝাড়গ্রামে দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়া থেকে কলকাতায় এসে গঙ্গাবক্ষে নৌকায় করে ঘোরা। যেগুলিকে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার-কৌশল বলে মন্তব্য করেছিল রাজনৈতিক মহলের একাংশ, এবার সেই ‘অস্ত্রেই’ নরেন্দ্র মোদিকে পাল্টা নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গের উল্লেখ করে এদিন জগৎবল্লভপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের, মা-মাটি-মানুষের সরকারের ট্যুরিজমের সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর নরেন্দ্র মোদি।” Abhishek Banerjee
এদিন জগৎবল্লভপুর ও ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী যথাক্রমে সুবীর চট্টোপাধ্যায় ও তাপস মাইতির সমর্থনে সভা করেন তিনি। এই সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক। তিনি বলেন, “আমি তো বলেছি আপনারা খালি নির্বাচনের সময় কেন ? সারা বছর বাংলায় আসুন। সারা বছর বাংলায় এসে ফুচকা খান, ঝালমুড়ি খান, রোল খান, কচুড়ি খান, যা ইচ্ছা…। সিঙ্গাড়া খান, জিলিপি খান। কোনও অসুবিধা নেই। বাংলাটা কত সুন্দর যদি প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে না দেখাতেন, দেশের মানুষ জানতে পারতেন ? বুঝতে পারতেন ? মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের, মা-মাটি-মানুষের সরকারের ট্যুরিজমের সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর নরেন্দ্র মোদি। আজ এইভাবে যদি বাংলার প্রচার না হত…বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর…যেখানে মুড়ি খাচ্ছেন, সেই রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা। ফুটপাতটা ঝাড়গ্রাম পুরসভার তৈরি করা।”
প্রেক্ষাপট…
২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট কলকাতায়। তার আগে কলকাতায় এসে গঙ্গাবক্ষে নৌকায় করে ঘুরলেন প্রধানমন্ত্রী। এদিন সকাল সাতটার কিছু আগে রাজভবন থেকে প্রধানমন্ত্রী হাজির হন প্রিন্সেপ ঘাটে। ২ নম্বর গেট দিয়ে রেললাইন পেরিয়ে গোয়ালিয়র ঘাটে যান প্রধানমন্ত্রী। প্রায় ৪৫ মিনিট নৌকা ভ্রমণ করেন তিনি। নৌকার মাঝি গৌরাঙ্গ বিশ্বাসের দাবি, হাজার টাকা নৌকা ভাড়াও দেন প্রধানমন্ত্রী। এদিন প্রাতঃভ্রমণকারীদের ভোট দিতে যাওয়ার আহ্বানও জানান মোদি। অন্যদিকে, দিনকয়েক আগে ঝাড়গ্রামে প্রচার শেষে দোকানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খেতে দেখা গিয়েছিল। যাকে তৈরি করা নাটক বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির পাল্টা প্রশ্ন ছিল, আগে থেকে কেউ ঝালমুড়ি বানিয়ে রেখেছিল এটা কেউ দেখেছেন? এদিকে নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার পরদিনই নিজের প্রচারে ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে দেখা যায় মদন মিত্রকে। যা নিয়ে পাল্টা খোঁচা দেয় বিজেপি। West Bengal Election 2026
