দ্য হেগ: গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত ভারতের পড়শি দেশ মায়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) দোষী সাব্যস্ত করল তাদের। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যায় দোষী সাব্য়স্ত করা হল মায়ানমার। আন্তর্জাতিক ন্যায় আদালতের ইতিহাসে এই প্রথম কোনও দেশকে গণহত্যা চালানো দোষী সাব্যস্ত করা হল। তারা ১০০০০ রোহিঙ্গাকে হত্যা করেছে বলে জানাল ICJ. (Rohingya Muslim Genocide)
দ্য হেগে রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আদালত ICJ. বৃহস্পতিবার মায়ানমারকে দোষী সাব্যস্ত করল তারা। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে যে সামরিক দমননীতি প্রয়োগ করা হয়, ৭ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গা, যাঁদের সিংহভাগ মুসলিম, তাঁদের যেভাবে দেশছাড়া করা হয়, সেই মামলাতেই এই রায় শোনাল ICJ. (Myanmar Guilty of Genocide)
ICJ-র প্রেসিডেন্ট উজি ইওয়াসাওয়া জানিয়েছেন, ৯-৬ রায়ে দোষী সাব্যস্ত হয়েছে মায়ানমার। দেখা গিয়েছে, উত্তরের রাখিন প্রদেশে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় তারা। আন্তর্জাতিক গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। পৃথিবীতে এই প্রথম কোনও দেশ গণহত্যায় দোষী সাব্যস্ত হল। নাৎজি গণহত্যার পর চতুর্থবার গণহত্যার অপরাধ নিয়ে রায় শোনাল ICJ.
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার তরফে মামলাটি দায়ের করা হয়েছিল। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে মায়ানমার সচেষ্ট হয়েছিল বলে জানায় তারা। গাম্বিয়া জানিয়েছিল, ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মায়ানমার। সেই মর্মে সিদ্ধান্ত নিক ICJ. পাশাপাশি, রোঙিঙ্গাদের বিরুদ্ধে সবরকমের বেআইনি কাজকর্ম বন্ধ করতে, গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর সাজা দিতে আর্জি জানানো হয়। মায়ানমারের দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির লোকজন পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল বলেই পাল্টা তাদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ করা হয়।
আরও পড়ুন: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
কিন্তু ICJ-তে মায়ানমারের দাবি ধোপে টেকেনি। ICJ-র প্রেসিডেন্ট ইওয়াসাওয়া তিন ঘণ্টা ধরে যে রায় শোনান, তাতে বলা হয়, সমস্ত তথ্যপ্রমাণ বলছে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মায়ানমার সেনা। নিরীহ নাগরিকদের ধরে ধরে হত্যা করেছে, যৌন নির্যাতন চালিয়েছে। শিশুদের প্রতিও হিংস্র আচরণ করা হয়। এমনকি দলে দলে রোহিঙ্গারা যখন বাংলাদেশ পালিয়ে যাচ্ছেন, সেই সময়ও তাঁদের উপর হামলা চালানো হয়।
ICJ আরও জানিয়েছে, গণহত্যার লক্ষ্য নিয়েই দমনপীড়ন চালাতে নামে মায়ানমার। ব্যাপক নৃশংসতা চালিয়েছে তারা। এ থেকে একটিই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, সংখ্যালঘু জনগোষ্ঠীর বড় অংশকে নিশ্চিহ্ন করে দেওয়াই তাদের মূল অভিপ্রায় ছিল। সাধারণ নাগরিকের হাতে অস্ত্রশস্ত্র উঠলে এমন ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে বলে আগেই সতর্ক হওয়া উচিত ছিল তাদের। মায়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে, পুনর্বাসন দিতে হবে।
একেবারে পরিষ্কার ভাষায়, ICJ জানিয়েছে, স্বেচ্ছায় এবং নিরাপদে যাতে দেশে ফিরতে পারেন রোহিঙ্গারা, সেই ব্যবস্থা করতে হবে মায়ানমারকে। ক্ষতিগ্রস্তদের সব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, তা না পারলে সমমূল্যের সম্পদ দিতে হবে। নিখোঁজদের সন্ধানে সহযোগিতা করার পাশাপাশি, নিহতদের যথাযথ সমাধির ব্যবস্থা করতে হবে মায়ানমারকে। মানসিক ভাবে ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মানসিক পুনর্বাসন দেওয়া প্রয়োজন। তাঁদের উপর সবরকমের নির্যাতন বন্ধ করতে হবে, সুরক্ষা দিতে হবে।
মায়ানমাররে বিরুদ্ধে চারটি গণহত্যার প্রমাণ পেয়েছে ICJ, যা হল-১) নিরীহ নাগরিকদের নির্বিচারে হত্যা, ২) কয়েক লক্ষ মানুষকে জোর করে বাস্তুচ্যুত করা, ৩) কোনও জনগোষ্ঠীর মারাত্মক মানসিক এবং শারীরিক ক্ষতিসাধন, ৪) সন্তানপ্রসবে বাধা দেওয়া। আদালত নিজের পর্যবেক্ষণে জানিয়েছে, ২০১৭ সাল থেকেই রোহিঙ্গাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছিল মায়ানমার। তাঁদের সন্তানধারণেও বাধা দেওয়া হয়। ১০ বছর ধরে বিচারের অপেক্ষায় দিন গুনছিলেন রোহিঙ্গারা।
ICJ-র এই রায়কে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই সংক্রান্ত সব অপরাধের তদন্ত হওয়া উচিত। বিচারের আওতায় আনতে হবে সকলকেই। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান বলছে, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ১৩ লক্ষের বেশি রোহিঙ্গা ঘরছাড়া। এর মধ্য়ে ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে রয়েছেন।
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
