Most Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপার বাইকের কথা উঠলে সবার আগে আমাদের কাওয়াসাকি নিনজা H2R ও ডুকাতি পানিগালের নাম মনে আসে। তবে কিছু বাইক আছে যা বিলাসবহুল গাড়ির থেকেও অনেক বেশি দামি। কেবল স্পিডের জন্যই এই বাইকের এত দাম হয় না। এরসঙ্গে জড়িয়ে রয়েছে অনন্য ডিজাইন ছাড়াও জটিল ইঞ্জিনিয়ারিং। সবথেকে বড় বিষয় সীমিত সংখ্যায় এই বাইক তৈরি করে কোম্পানি।
কোন বাইক সবার থেকে আলাদা
বিশ্বে এমনই একটি বাইক রয়েছে ‘নেইম্যান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার’। যার দাম অকশন প্রাইসের ভিত্তিতে প্রায় ১১ মিলিয়ন ডলার। যেকারণে এই বাইককে বিশ্বের সবথেকে দামি বাইক ধরা হয়। এই বাইকের ডিজাইন সাধারণ বাইকের থেকে পুরোপুরি আলাদা। এক নজরে দেখলে মনে হবে কেবল ফ্রেম স্ট্রাকচারের সঙ্গে চাকা লাগিয়ে দেওয়া হয়েছে। ওপরে কোনও আস্তরণ নেই। এই বাইক তৈরি করেছে আমেরিকান কোম্পানি ‘কনফেডারেট মোটরস’। এই কোম্পানি এখন কমব্যাট মোটরস নামে পরিচিত।
এই বাইকে ব্যবহার করা হয়েছে সেরা উপকরণ
‘নেইম্যান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার’ বাইকের সবথেকে বড় আকর্ষণের বিষয় এর ডিজাইন। এটি ওপেন মেটাল স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। দেখে বুঝতেই পারবেন, এতে যন্ত্রের অংশগুলি ফ্রেমের মধ্য়ে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। যাতে আলাদা করে কোনও কভার দেয়নি কোম্পানি। এতে অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম ও কার্বন ফাইবারের মতো উন্নত মানের উপকরণ ব্যবহার করা হয়েছে।এই কাঠামো তৈরি করতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে কোম্পানি।
বাইকের ডিজাইনে প্রথাগত বডি প্যানেলের চেয়ে যান্ত্রিক কাঠামোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যদি বাইকটিকে রাস্তায় দেখেন, তাহলে মনে হবে একসঙ্গে অনেক যন্ত্র দুটো চাকার ওপর বসিয়ে রাখে হয়েছে।
ঘণ্টায় ৩০৬ কিলোমিটার গতিতে ছোটে এই বাইক
দেখতে এত বড় হলেও বাইকের গতি শুনলে চমকে যাবে যেকেউ। এর দাম ১১ মিলিয়ন ডলার। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৯০ মাইল বা ৩০৬ কিলোমিটার। এতে রয়েছে ১২০ কিউবিক ইঞ্চির এয়ার-কুলড ভি-টুইন (V-Twin) ইঞ্জিন। এর অনন্য ডিজাইন ও ইঞ্জিনের কারণে এটি সংগ্রহকারীদের কাছে অত্যন্ত পছন্দের একটি বাইক। তবে এই বাইক সীমিত সংখ্যায় পাওয়া যায় বলে সবার কাছে এটি থাকা সম্ভব নয়।
আরও পড়ুন : সাবধান ! নকল সোনায় বসছে আসল হলমার্ক ? ব্যবহার করা হচ্ছে চাইনিজ পাউডার ? ভাইরাল ভিডিয়ো
