Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত


কলকাতা: ভরদুপুরে তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে পড়ে বিপত্তি। আর তাতেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগের সরকারের আমলে অনুমোদিত, সমস্ত নির্মীয়মান বিল্ডিং অডিট করে দেখার সিদ্ধান্ত নেওয়া হল। এই মুহূর্তে যত নির্মীয়মান বিল্ডিং রয়েছে, সেগুলির কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, অডিটে যদি সব ঠিক থাকে, তাহলে ১ অগাস্ট থেকে কাজ শুরু করা যাবে। জরুরি পরিষেবা সংক্রান্ত নির্মাণকার্যকে শুধু ছাড়পত্র দেওয়া হয়েছে। (Suvendu Adhikari)

বুধবার দুপুরে তারাতলায় তিনতলা গোডাউনের ছাদ ভেঙে পড়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললেও, এখনও পর্যন্ত উদ্ধারকার্য শেষ হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে এসেই সেই নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই কড়া নির্দেশ দেন তিনি। শুভেন্দু জানান, এদিন যে গোডাউন ভেঙে পড়েছে, সেটির বিল্ডিং প্ল্যানটি অনুমোদিত হয় ২০২৬ সালের ১৭ জানুয়ারি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, প্ল্যানটি ত্রুটিপূর্ণ ছিল। রাতে টেকনিক্যাল রিপোর্ট এলে পুরোটা বোঝা যাবে। (Kolkata Underconstruction Buildings)

আরও পড়ুন: কলকাতা পুরসভার সব বিল্ডিং নির্মাণ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের জেরে সিদ্ধান্ত

আর এই ঘটনার পরই কলকাতার সব নির্মীয়মান বিল্ডিং খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুভেন্দু বলেন, “কলকাতা পুরসভা এলাকায় আগের সরকারের আমলে যে সব প্ল্যান স্যাংশনড হয়েছে, পুরসভার কমিশনার এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে জানিয়েছি, পরবর্তীতে হাওড়া এবং বিধাননগরেও করব। আমি সরাসরি নির্দেশ দিয়েছি পুরসভাকে যে, যত নির্মীয়মান বিল্ডিং পয়েছে, বিশেষ করে বাণিজ্যিক নির্মাণ, জলাশয় বুজিয়ে করা নির্মাণ, যেগুলি আগের সরকারের আমলে অনুমোদিত হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে। অডিট হবে।”

আরও পড়ুন: তারাতলায় ভেঙে পড়ল গোডাউন, ভিতর থেকে চিৎকার-কান্নার শব্দ, আটকে রয়েছেন শ্রমিকরা

শুভেন্দু আরও বলেন, “পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, এবং পুরসভা টিম বানিয়ে দেবে। নির্দেশ দেবেন মুখ্যসচিব। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান, স্পট ভিজিট করে রিপোর্ট তৈরি করবে। কলকাতা মেট্রোর কাজ, বন্দর এলাকায় ইজারার জমিতে কাজ…তাদের সহযোগিতা নিয়ে তদন্তের আওতায় আনব। যাঁদের সব ঠিক থাকবে, তাঁরা ১ অগাস্ট থেকে কাজ করতে পারবেন। জরুরি পরিষেবার কাজ এর বাইরে থাকবে।”

তারাতলার যে গোডাউনের ছাদ ভেঙে পড়েছে, সেই জমির মালিক SMPA বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি আরও জানিয়েছেন যে, জমির ইজারা ছিল শম্ভুনাথ বেহারার নামে, পার্টর অফ বেহারা ব্রাদার্স। আগামী কাল এই নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্য়মন্ত্রী। কী আইনি পদক্ষেপ করা হবে, তাও জানানো হবে আগামী কালই। প্রাথমিক ভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ওই গোডাউনের প্ল্যান ছিল ত্রুটিপূর্ণ। টেকনিক্যাল বিভাগের লোকজন কাজ করছেন। রাতের মধ্যে রিপোর্ট দেবেন তাঁরা। রাজ্যে বিজেপি-র সরকার আসার আগে যত প্ল্যান অনুমোদিত হয়েছে, যেগুলি নির্মীয়মান অবস্থায় রয়েছে, সবকিছু অডিট করে দেখা হবে। আপাতত কলকাতার জন্য এই নির্দেশ হলেও, ধাপে ধাপে হাওড়া এবং বিধাননগরেও অডিটের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *