দেহরাদুন : মঞ্চ থেকে ভক্তদের আবদার সামলাচ্ছিলেন। হাত মেলাচ্ছিলেন অনুরাগীদের সঙ্গে। কেউ এগিয়ে দিচ্ছিলেন গোলাপ, কেউ চিঠি। তাঁর গান শুনে তখন উচ্ছ্বাসের ঢেউ। অনেকেই চাইছিলেন প্রিয় গায়িকার সঙ্গে হাত মেলাতে। ফ্যানেদের আবদারটুকু মেটানোর চেষ্টা করছিলেন গায়িকাও। কিন্তু এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবেননি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত শিল্পী জেসমিন স্যান্ডলাস ! অনুষ্ঠানের একটি ঘটনা ঘিরে এখন চর্চা তুঙ্গে ।
এ বার দেহরাদূনে একটি অনুষ্ঠান করতে গিয়ে চরম অস্বস্তি পড়লেন ইন্দো – আমেরিকান গায়িকা। সম্প্রতি দেহরাদুনে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হতে হল সঙ্গীতশিল্পীকে, অভিযোগ এমনটাই। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ভিডিও। ভারতীয়-আমেরিকান গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস সম্প্রতি দেহরাদুনে একটি লাইভ কনসার্টে পারফর্ম করছিলেন। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তাঁর গান নয়, বরং অনুরাগীদের ভিড়ের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে, কনসার্টের শেষে অনুরাগীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে মঞ্চের সামনে এগিয়ে যান জ্যাসমিন। কয়েকজন অনুরাগী তাঁর হাতে ফুল ও উপহার তুলে দেন। তিনি নিচু হয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সেই সময় ভিড়ের মধ্যে কয়েকজন তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে আরও দেখা যায়, জ্যাসমিনের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা বারবার ভিড়কে পিছিয়ে যেতে অনুরোধ করছেন। কিছুক্ষণ পর জ্যাসমিন নিজেও অনুরাগীদের সরে দাঁড়াতে বলেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তাঁর টিম।
ভিডিওগুলি ভাইরাল হওয়ার পর একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, গায়িকাকে ভিড়ের মধ্যে হেনস্তা করা হয়েছে এবং তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত জ্যাসমিন স্যান্ডলাস বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লেখেন, শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও তাঁদের ব্যক্তিগত পরিসর এবং সম্মান বজায় রাখা উচিত। অন্য একজনের মন্তব্য, কোনও শিল্পীরই অনুরাগীদের সঙ্গে দেখা করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া উচিত নয়।
জ্যাসমিন স্যান্ডলাস ‘ইয়ার না মিলে’, ‘তারাস’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর ছবির গানের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবনেও সম্প্রতি তিনি শিরোনামে আসেন। দিল্লিতে এক কনসার্টে মঞ্চেই তিনি তাঁর বাগদানের ঘোষণা করেন এবং হবু স্বামী শেখর চৌধুরীর সঙ্গে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
