কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। ভুল চিকিৎসার কারণে, কারোর বাদ পড়েছে হাত, কারোর পা, কেউ চিরতরে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। শুধু ভুল চিকিৎসা নয়, আরও ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই প্রকল্প ও তাঁর নামে। এই ঘটনা নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে FIR দায়েরের পর শনিবার বিধানসভাতেও উঠে এল ‘সেবাশ্রয়’ প্রসঙ্গ। গতকাল অর্থাৎ শুক্রবার বিজেপি বিধায়কের অভিযোগের পর আজ শনিবার এই প্রসঙ্গে বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাঁস করেন বহু তথ্য।
বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবাশ্রয়কে একটি ‘বড় স্ক্যাম’ বলে চিহ্নিত করেন। কিছু ফটো দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনাও দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ”একটি বড় স্ক্যাম সামনে এসেছে। ভাইপোর সেবাশ্রয় স্ক্যাম। ইতিমধ্যেই আমাদের বিষ্ণুপুর PS-এ একাধিক কেস ফাইল হয়েছে। এই FIR-এর ভিত্তিতে মাননীয় অধ্যক্ষ আমি কিছু দেখাচ্ছি, দেখুন মানুষের কীভাবে ক্ষতি করা হয়েছে। দেখুন বাচ্চাটার হাত বাদ গেছে। আর একটি বাচ্চাকে কীভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পা বাদ গেছে। এই চিটিংবাজ ভাইপো যা করেছে, এক্স রে, আল্ট্রাসনোগ্রাফির যন্ত্র বাইরে নিয়ে গিয়েছে, মেডিক্যাল কলেজের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করিয়েছে। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না।”
এর আগে সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের হয় FIR। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা। ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেবাশ্রয় থেকে। ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ২ মাস ওষুধ খেয়েও কোনও লাভ হয়নি। পরে বাড়াবাড়ি হতে, ন্যাশনাল মেডিক্যালে অস্ত্রোপচার হয় তাঁর এবং বাদ যায় ডান পা। এর পাশাপাশি, রোগীদের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খাওয়ানোর অভিযোগও ওঠে। এই সব অভিযোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ”যা হয়েছে এটা খুনের মামলা। চিটিংবাদ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন বাজেয়াপ্ত হয়েছে, FIR-এর পরে আমরা কেন্দ্রের অ্যাটমিক এনার্জি সচিবের কাছে পাঠিয়েছি।” তিনি আরও জানান, ”যাদের নাম FIR-এ আছে, আমি তদন্তের স্বার্থে নাম গুলো বলছি না।” সুতরাং, সেবাশ্রয় নিয়ে যে অভিযোগ সামনে আসছে, তা সঠিক প্রমাণিত হলেই কড়া শাস্তি পাবে অভিযুক্তরা। এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অভিষেকের নাম না নিয়ে হুঁশিয়ারিও দেন তিনি।
