জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?


নয়াদিল্লি : রোজ একটানা বৃষ্টিতে ভিজছে রাজ্যের একাধিক জেলা। এবার আবার ভয়াল রূপ ধারণ করবে বর্ষা।  উত্তরপ্রদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-ওড়িশার উপর তৈরি হতে পারে দুটি নিম্নচাপ। আর তার জেরে  আগামী কয়েকদিন দেশের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও মধ্য ভারতে। একসঙ্গে দুটি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টি ভয়ঙ্কর দাপট দেখাতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুক্রবার, ৭ অগাস্ট দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়।  শনিবার ৮ অগাস্ট, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপর আরও একটি নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছে। দুটি আবহাওয়া পরিস্থিতি একসঙ্গে প্রভাব বিস্তার করলে আগামী কয়েকদিন দেশের বড় অংশে তাণ্ডব দেখাতে পারে বর্ষা।   

আবহবিদদের মতে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর  নিম্নচাপ তৈরি হতে তা আগামী সোমবার, ১০ অগস্ট পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে। তারপর তা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে যেতে পারে। এই নিম্নচাপ স্থলভাগের আরও ভিতরেদিকে এগোনোর আগে আরও অনেক জলীয় বাষ্প সংগ্রহ করতে করতেই এগোবে।  ফলে নিম্নচাপের প্রভাবে কিছু এলাকায় যেমন বৃষ্টি হবে, তেমনই তার বাইরেই  নতুন নতুন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

নিম্নচাপ সাধারণত বায়ুমণ্ডলে আর্দ্রতা টেনে আনে।  এর প্রভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকে।  ফলে আবহাওয়ার পূর্বাভাস মিলে গেলে,  আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে বর্ষা বেশ সক্রিয় থাকবে।  আবহাওয়া দফতরের  পূর্বাভাস অনুযায়ী, ১৪ অগাস্ট পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 
এছাড়া বিহারেও বেশ কিছু এলাকায় বেশি বৃষ্টি হতে পারে।

পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে। ঝাড়খণ্ডে ১০ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশায় ৮ ও ৯ অগাস্ট ভারী বৃষ্টি হতে পারে।  পাশাপাশি ১২ থেকে ১৪ অগস্ট ফের জোরালো বৃষ্টির পর্ব শুরু হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাব পূর্ব ভারতের গণ্ডি পেরিয়ে মধ্য ভারতেও পৌঁছতে পারে। ৮ থেকে ১৪ অগাস্টের মধ্যে পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু এলাকায় ১২ অগাস্ট পর্যন্ত  বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। ফলে আগামী কয়েকদিন দেশের পূর্ব ও মধ্যাঞ্চলের একাধিক রাজ্যে বর্ষার দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে স্থানীয় আবহাওয়া দফতরের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *