Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক


কলকাতা: প্রয়াত পরিচালক কুকু কোহলি (Director Kuku Kohli)। মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান পরিচালক। হৃদরোগে আক্রান্ত হয়ে দিন দুয়েক এই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন ‘ফুল অউর কাঁটে’ পরিচালক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই যথোপযুক্ত চিকিৎসা শুরু করা হয়েছিল, তবে শেষরক্ষা করা যায়নি। প্রয়াত পরিচালক রেখে গেলেন তাঁর স্ত্রী অরুণা ইরানি (Aruna Irani) এবং ২ কন্যাসন্তানকে। অরুণার সঙ্গে কুকু কোহলির দ্বিতীয় বিবাহ, এর আগে রীতা কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। প্রয়াণের সময়ে, অভিনেতার বয়স হয়েছিল ৭৭ বছর। 

প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য

প্রয়াত পরিচালক কুকু কোহলির আসল নাম, সন্দেশ কোহলি। সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। কিংবদন্তি পরিচালক রাজ কাপূরের সঙ্গে কাজ করার পরে, তিনি পরিচালক রাহুল রাওয়েলের সহকারী হিসেবে কাজ শুরু করেন। রাহুল রাওয়েলের পরিচালনায় সানি দেওলের ‘বেতাব’ এবং ‘অর্জুন’-এর মতো ছবিতেও কাজ করেছিলেন তিনি। পরিচালক হিসেবে আত্মপ্রকাশের আগেই, বলিউডের মূলধারার ছবির সঙ্গে যুক্ত ছিলেন কুকু কোহলি। ১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’-র হাত ধরে, প্রথম পরিচালনায় পা রাখেন তিনি। প্রথম ছবিতেই পান বাণিজ্যিক সাফল্য। এখানেই শেষ নয়, এই সিনেমায় তিনি বলিউডকে পরিচয় করিয়েছিলেন এক নতুন নায়কের সঙ্গেও। অজয় দেবগণ (Ajay Devgan)। পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তিনি। 

পরিচালককে শেষ শ্রদ্ধা

প্রথম ছবি ‘ফুল অউর কাঁটে’ সাফল্যের পরে, একই বছর ‘কোহরাম’ নামে একটি পরিচালনা করেন তিনি। ১৯৯৪ সালে তিনি ফের অজয় দেবগণের সঙ্গে জুটি বাঁধেন ‘সুহাগ’-এর জন্য। ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অক্ষয় কুমার, করিশ্মা কাপুর এবং নাগমা। অজয় দেবগণ ও অক্ষয় কুমারের এই জুটিও দর্শকের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। তবে শুধুমাত্র পরিচালক হিসেবে নয়, চলচ্চিত্র জগতের সাংগঠনিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন কুকু কোহলি। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এদিন প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif) এবং বিনোদন জগতের আরও অন্যান্য কলাকুশলীরা।

আরও পড়ুন: Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *