Bengal Cricket: জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা


সন্দীপ সরকার, কলকাতা: জেলাশাসকদের চিঠির ঝড়ে ২০ জুলাই সিএবি-র যুগ্ম-সচিব নির্বাচন ভেস্তে গিয়েছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে কোনও পক্ষের মনোনয়নই জমা পড়েনি। ঠিক একমাস পর, ২০ অগাস্টের এক বৈঠকে ফের অধিকাংশ জেলার অবস্থান অস্বস্তি তৈরি করল সিএবি-তে?

আগামী মরশুমের জন্য জেলা ক্রিকেটের রূপরেখা তৈরি করতে, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন নিয়ে আলোচনার জন্য ২০ অগাস্ট দুপুর ২টোয় ১৮টি জেলাকে নিয়ে একটি বৈঠক আয়োজন করেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই বৈঠকে প্রতিনিধি পাঠানোর জন্য ৫ অগাস্ট সরাসরি জেলাশাসকদের চিঠি পাঠিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট (যে চিঠির প্রতিলিপি রয়েছে এবিপি লাইভ বাংলার হাতে)। চিঠিতে এ-ও বলা হয়েছিল যে, সিএবির বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করবেন যাঁরা, তাঁদেরই যেন জেলার বৈঠকে পাঠানো হয়।

কিন্তু সেই বৈঠকই হয়নি বলে জানা গেল বিশ্বস্ত সূত্রে। কারণ, বৈঠকে ১৮টির মধ্যে মাত্র ২টি জেলার প্রতিনিধি এসে উপস্থিন হন। হাওড়া ও নদিয়া। যে কারণে শেষ পর্যন্ত বৈঠক বাতিল করে দিতে হয় বলে খবর।

২০ অগাস্টের বৈঠকের জন্য ইডেন গার্ডেন্সে হাজির ছিলেন, নাম প্রকাশ করা যাবে না সেই শর্তে এমনই একজন এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘সিএবি থেকে সাধারণত এরকম বৈঠকের ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি পাঠানো হয়। সরাসরি জেলাশাসকদের চিঠি পাঠানো হচ্ছে, এরকম ঘটনা কখনও দেখা যায়নি। এটা ঠিক যে জেলাশাসকই প্রত্যেক জেলা ক্রীড়া সংস্থার এক্স অফিসিও (কার্যকরী প্রধান)। সম্ভবত সিএবি-র স্পেশ্যাল জেনারেল মিটিংয়ের আগে জেলাশাসকরা চিঠি পাঠিয়েছিলেন বলে এবার তাঁদেরই সরাসরি চিঠি পাঠানো হয়েছিল।’

কেন করা গেল না ২০ অগাস্টের বৈঠক? বৈঠকের জন্য সেদিন সিএবি-তে যাওয়া ওই কর্তা বললেন, ‘দুপুর ২টোর সময় বৈঠক ছিল। শুধু হাওড়া ও নদিয়ার দুই প্রতিনিধি এসেছিলেন। বিকেল প্রায় ৪টে পর্যন্ত অপেক্ষা করার পরেও আর কেউ না আসায় বৈঠক বাতিল হয়। সিএবি প্রেসিডেন্ট নিজের ঘরে ডেকে জেলা থেকে আসা দুজনের সঙ্গে কথা বলেন। তবে সেটা আনুষ্ঠানিক কিছু নয়।’

যদিও সিএবি-র একাংশ থেকে বৈঠক ভেস্তে যাওয়ার কথা সরাসরি স্বীকার করা হল না। সিএবি-র ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন (অনু) দত্তকে এ নিয়ে প্রশ্ন করা হলে বললেন, ‘বৈঠকে সকলে আসেননি। তবে ৮ জন মতো ছিলেন। কয়েকজন ভার্চুয়ালিও ছিলেন।’ যদিও সিএবি-র কেউ কেউ দাবি করলেন, সেদিনই জেলা সাব কমিটির বৈঠক ছিল। সহ সভাপতি হয়তো সেই বৈঠকের কথা বলতে চেয়েছেন। এ-ও শোনা গেল যে, ১৪ অগাস্ট বিশ্ববিদ্য়ালয়ের প্রতিনিধিদের একটি বৈঠকে ডাকা হয়েছিল। কেউ না আসায় সেই বৈঠকও সেদিন হয়নি। তবে সূচি পাল্টে অন্যদিন সেই বৈঠক করা হয়েছে।

আজ অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক, কী নিয়ে আলোচনা?

আজ, বুধবার বিকেল ৫টায় সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে ইডেনে। একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঘোষণা হবে। সম্ভবত ২৪ সেপ্টেম্বর হবে সিএবির এজিএম। সচিব (বর্তমান সচিব বাবলু কোলের বয়স সত্তর বছর পূর্ণ হয়ে যাবে বলে) এবং যুগ্মসচিব – দুটি শূন্য পদে নির্বাচন হবে। ৭ সেপ্টেম্বর হবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জীবনকৃতি সম্মান পাওয়ার কথা প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়ের। বর্ষসেরা ক্রিকেটার হবেন সুদীপ কুমার ঘরামি। সেই সব নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বুধবারের বৈঠকে।

আরও পড়ুন: স্বার্থের সংঘাতের তিরে বিদ্ধ আম্পায়ার, জবাবদিহি চাইলেন ওম্বাডসম্যান, কী বলছেন অভিযুক্ত?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *