Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা


নয়াদিল্লি: ১৯ সেপ্টেম্বর থেকে জাপানে এবারের এশিয়ান গেমস (Asian Games 2026) শুরু হতে চলেছে। মাল্টি-স্পোর্টসের এই ইভেন্টে এবার ফের একবার ক্রিকেটও খেলা হবে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট এবং ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পুরুষদের টুর্নামেন্ট আয়োজিত হবে। তবে এই টুর্নামেন্টের আয়োজনে একেবারেই অখুশি ভারতীয় বোর্ড। ANI-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআই এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জাপানের এই এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্টের বন্দোবস্ত ঘিরে বারংবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিসিসিআইয়ের সূত্র মারফৎ দাবি করা হচ্ছে এসিসি এবং বিসিসিআই, উভয়েই এই টুর্নামেন্টের বন্দোবস্ত নিয়ে অখুশি। এই টুর্নামেন্টের জন্য নাকি তাঁবুকে অস্থায়ীভাবে খেলোয়াড়দের সাজঘর বানানো হয়েছে এবং তার থেকে মাত্র ৫০০ মিটার দূরেই ওয়াশরুম তৈরি করা হয়েছে। এক সূত্র দাবি করেন, ‘আমরা জাপানের অলিম্পিক্স আধিকারিকদের এসিসির বৈঠকে জানিয়েছি যে সাজঘরগুলি তাঁবুতে করা হয়েছে এবং ওয়াশরুমগুলি ওই তাঁবু থেকে মাত্র ৫০০ মিটার দূরে বানানো হয়েছে, যা খেলোয়াড়দের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। পাশাপাশি হোটেলের ঘরগুলিও অত্যন্ত ছোট ছোট, যা নিঃসন্দেহেই একটা বড় চিন্তার কারণ।’   

আরও পড়ুন:- ইমরান খানকে ‘খুনের চেষ্টা চলছে’ দাবি ছেলেদের, সাক্ষাৎকার এয়ার হলে মাঠে না নামার হুঁশিয়ারি PCB-র 

বিসিসিআইয়ের সূত্র ANI-কে জানান যদি পরিস্থিতি না বদল হয় এবং আয়োজন অপর্যাপ্ত মনে করা হয়, তাহলে পুরোদমে শক্তিশালী দলের বদলে বিসিসিআইয়ের তরফে এই টু্র্নামেন্টের জন্য দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে। ভারত কিন্তু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল। ২০২৩ সালে চিনে আয়োজিত এশিয়ান গেমসের ফাইনালে ভারত-আফগানিস্তানের মুখোমুখি হয়, বা বলা ভাল ভারতের আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জেরে ওই ফাইনাল ম্যাচে এক বলও খেলা হয়নি। ভারত সিডিংয়ে এগিয়ে থাকায় আফগানিস্তানের বদলে ভারতীয় দলই স্বর্ণপদক জেতে।

সেক্ষেত্রে ভারত দ্বিতীয় সারির দলই পাঠিয়েছিল। তবে এবারের জন্য বিসিসিআইয়ের তরফে প্রাথমিকভাবে শক্তিশালী এক দলের ঘোষণা করা হয়। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলে ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহের মতো প্রথম সারির সকল ক্রিকেটারকেই রাখা হয়েছিল। মহিলাদের ক্ষেত্রেও নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলে স্মৃতি মান্ধানা, দীপ্ত শর্মা, রিচা ঘোষদের মতো নিয়মিত ভারতীয় দলে খেলা মহিলা ক্রিকেটাররা রয়েছেন। তবে যা শোনা যাচ্ছে, তাতে বিসিসিআই পরিস্থিতির উন্নতি না ঘটলে, জাপানে এশিয়ান গেমসে এই দলের বদলে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে।  

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *