আমদাবাদ : বিমান তখন মাঝ-আকাশে। বিমানের শৌচাগারের ভিতরে একটি টিস্যু পেপার উদ্ধার করেন কেবিন ক্রু-র এক সদস্য। তাতে লেখা- ‘BOMB’। যে ঘটনাকে কেন্দ্র করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে চরম আতঙ্ক ছড়ায় বলে খবর। এই পরিস্থিতিতে দাম্মাম থেকে নয়াদিল্লিমুখী ওই বিমান আমদাবাদের সর্দার বল্লবভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এমনই জানিয়েছেন আধিকারিকরা।
ক্রু সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে পাইলটকে বিষয়টি জানান। পাইলট তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি প্রয়োজনে গতিপথ পরিবর্তন ও অবতরণের অনুমতি চান। আমদাবাদে পৌঁছানোর পর বিমানটিকে দ্রুত মূল টার্মিনাল থেকে দূরে একটি নির্জন স্থানে (আইসোলেটেড বে) নিয়ে যাওয়া হয়, যেখানে এমার্জেন্সি ইউনিট প্রস্তুত ছিল।
নিরাপত্তাকর্মী ও বোমা নিষ্ক্রিয়কারী দল বিমানটিকে ঘিরে ফেলে এবং নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। বিমানে থাকা ৩২ জন যাত্রীকে নিরাপদে বের করে টার্মিনাল-২-এ স্থানান্তরিত করা হয়। ঘটনায় কেউ আহত হননি।
কর্তৃপক্ষ বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে এর কেবিন, আসন এবং কার্গো হোল্ড পরীক্ষা করে। তল্লাশির সময় কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে চলাচলের জন্য ছাড়পত্র দেয়।
শৌচাগারে ওই চিরকুটটি কে রেখেছিল তা শনাক্ত করতে এবং এই ভুয়া হুমকির পিছনের উদ্দেশ্য উদঘাটনে নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত শুরু করেছে।
অগাস্ট মাসেই কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ দেখা দিয়েছিল। কলকাতা থেকে চেন্নাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে উড়ানে বিলম্ব হওয়ায় বিক্ষোভ দেখান তাঁরা। ক্ষোভ উগরে দেন ওই বিমানের যাত্রীদের একাংশ। লাউঞ্জে অপেক্ষা করতে থাকেন ১৭০ জন যাত্রী। তাঁদের বক্তব্য ছিল, সাড়ে ৬টা নাগাদ ফ্লাইট ছাড়ার কথা ছিল। বোর্ডিং পাস পাওয়ার পর তাঁদের জানানো হয় যে, যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফ্লাইট ছাড়তে দেরি হবে। অভিযোগ, সঙ্গে সঙ্গে তা ঘোষণা করা হয়নি। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা বসে থাকেন। তারপর তাঁরা যখন কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ দেখাতে যান, তখন তাঁদের যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়। অথচ সাড়ে ৬টা নাগাদ ১৭০ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের। দীর্ঘক্ষণ ধরে লাউঞ্জেই অপেক্ষা করেন ১৭০ জন যাত্রী। পরে সমস্যার সমাধান করা হয়। Flight News
Jobseekers Protest: ফের চাকরির দাবিতে পথে, শিয়ালদায় জমায়েত পুলিশের চাকরিপ্রার্থীদের
