বুয়েনস আইরেস: তাঁকে বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা বলা হয়। বিশ্ব ফুটবলের এমন কোনও কোহিনূর নেই, যা তাঁর মুুকুটে নেই। আর্জেন্তিনার জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ, জোড়া কোপা আমেরিকা, ফাইনালিসিমা। কিন্তু আর বিখ্যাত নীল-সাদা জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসিকে। জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। আর্জেন্তিনার হয়ে আর মাঠে নামবেন না।
ভারতীয় সময় সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ, আবেগঘন বার্তা দেন মেসি। তিনি নিজে হাতে তিনপাতার চিঠি লেখেন। চিঠির সেই লেখা ক্যাপশনেও দেন। সঙ্গে সেই তিন পাতার চিঠির ছবিও দেন মেসি।
লম্বা পোস্টে মেসি লিখেছেন, ‘ফাইনালের পর থেকে সময় কেটে গিয়েছে, এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। তারপর আমি আপনাদের জানাতে চাই যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…’
এরপর মেসি লিখেছেন, ‘এটা এমন একটা সিদ্ধান্ত যেটা আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। কিন্তু আমি জানি এটাই সেই মুহূর্ত। আমি শপথ করে বলছি, আমি সব সময় সর্বস্ব দিয়েছি, শুধু সেই সময়ে নয় যখন সব কিছু জিতেছি। এই জার্সির জন্য সর্বদা লড়াই করেছি, নিজেকে নিংড়ে দিয়েছি। আর্জেন্তিনীয় হিসাবে যেন সকলে গর্ব করতে পারেন, আনন্দ পান, ফুটবলের মাধ্যমে সেই চেষ্টা করেছি।’
মেসি আরও লিখেছেন, ‘আর সামান্যই বেঁচে আছে, একের পর এক অধ্যায় বন্ধ হচ্ছে। আর এই সিদ্ধান্ত আমাকে খুব আঘাত দিচ্ছে। জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে আমি ভালবাসি, ভালবেসেছি, আর সব সময় ভালবেসে যাব। আমি নিজেকে শূন্য করে ফেলেছি। আর কিছু দেওয়ার নেই। আর তাছাড়া দুর্দান্ত সব তরুণ খেলোয়াড় উঠে আসছে যাদের জাতীয় দলে জায়গা প্রাপ্য।’
মেসি ভক্ত-সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। লিখেছেন, ‘২০ বছর ধরে ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের জয়োধ্বনি, সমর্থনের চিৎকারের অভাব টের পাব। আমি এখন আপনাদেরই একজন, যে বাইরে থেকে জাতীয় দলের জন্য গলা ফাটিয়ে যাবে। ভাল সময়ে, আর আরও বেশি করে খারাপ সময়ে।’
পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। লিখেছেন, ‘এই সুন্দর কিন্তু কঠিন সফরে সব সময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। সব কোচেদের, সতীর্থদের, অধিনায়কদের ধন্যবাদ, যাঁদের সঙ্গে সময় কাটিয়েছি। আমি স্মৃতি আর অবিস্মরণীয় মুহূর্ত নিয়ে যাচ্ছি। আমি এই শান্তি ও গর্ব নিয়ে যাচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে সকলকে স্বপ্নের মুহূর্ত উপহার দিয়েছি। আপনাদের সঙ্গে কাটানো সময় দুর্দান্ত। আমার ভালবাসা রইল। ঈশ্বরকে ধন্যবাদ, আমাকে আর্জেন্তিনীয় হিসাবে জন্ম দেওয়ার জন্য। এগিয়ে চলো আর্জেন্তিনা।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
চিঠির একেবারে শেষে, ফুটনোটে মেসি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের ২ দিন পরই। মেসি লিখেছেন, ‘২১ জুলাই আমি এই চিঠি লিখেছিস ফাইনালে হারার ২ দিন পরেই। আর আজ বাবার সঙ্গে যা হল, তাতে আমি এই সিদ্ধান্তে আরও আস্থা পেলাম।’
