কলকাতা: অগাস্ট মাসের ৩০ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)। এই শো সঞ্চালনার গুরুদায়িত্ব এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র কাঁধে। বিগ বস হাউজে এবার কারা কারা আসছেন, তা ইতিমধ্যেই সবার জানা। বিগ বস হাউজে এবারের প্রতিযোগীরা হলেন, মনামী ঘোষ (Monami Ghosh), ভরত কল (Bharat Kaul), দুর্নিবার সাহা (Durnibar Saha), তাপস পাল কন্যা সোহিনী পাল (Sohini Paul), নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন, নন্দিনী রায়, দীপেন্দু বিশ্বাস, তনুশ্রী রায় দাস, অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক, আলেকজান্দ্রা টেলর, শ্রীজলা গুহ, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা-রা। তবে শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর হাউজে শীঘ্রই পা রাখতে চলেছেন আরেক নতুন প্রতিযোগী, তিনি জিতু কমল (Jeetu Kamal)।
‘বিগ বস’-এর ঘরে পা রাখছেন জিতু?
জিতুকে নিয়ে জল্পনা আগে ছিলই, তবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। প্রথম এপিসোডে দেখাও যায়নি জিতু কমলকে। তবে সদ্য দেওয়া তাঁর একটি স্টেটাস জল্পনা বাড়িয়েছে যে, তিনি পা রাখতে চলেছেন বিগ বস-এর ঘরে। একাধিক সিনেমায় কাজ করছিলেন জিতু, তবে আপাতত তিনি সমস্ত সিনেমার শ্যুটিং শেষ করে ফেলেছেন। তাঁর অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে সেই ধারাবাহিকটি চলতে চলতেই জিতু জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর ধারাবাহিকে অভিনয় করবেন না। ফলে এই মুহূর্তে জিতু কোনও বড় কাজের সঙ্গে যুক্ত থাকছেন না। ফলে বিগ বসের হাউজে যেতে তাঁর বাধা নেই।

জিতু আজ সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস শেয়ার করে নিয়েছেন। সেখানে একটি জামার ছবি দেওয়া। সেখানে সেলাই করে ফুটিয়ে তোলা হয়েছে, ৪টে লাইন। ‘২৫ শতাংশ আমার। ৭৫ শতাংশ এদের সবার। জীবন শুধু নিজের জন্য বাঁচার নয়। কথা দিলাম।’ এই ছবির নিচে বেশ কয়েকটি লাইন লিখেছেন জিতু। তিনি লিখেছেন, ‘আঠাশ তারিখে হয়তো জামাটার দিকে আপনাদের নজর পড়েনি। কথা দিলাম.. আমি যে নন ফিকশন শো-তে যাচ্ছি, সেখান যেতে যদি জয়ী হয়ে ফিরতে পারি, আমার প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ এদের জন্যই বরাদ্দ থাকবে। গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ ব্যবহার করা হবে। জীবন শুধু নিজের জন্য নয়। যারা জীবনের লড়াইয়ে একটু বেশি অসহায়, তাদের জন্যও কিছু করা আমাদের দায়িত্ব।’
