মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি ঋতব্রতর, কল্যাণ বললেন, ‘বাংলার পাবলিক যা মারবে না পরে…’


নয়াদিল্লি : প্রতীক নিয়ে দুই তৃণমূলের লড়াইয়ের আবহেই এবার একে অপরের বিরুদ্ধে আক্রমণ- পাল্টা আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের থেকে মামলা লড়ার জন্য (কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার প্রসঙ্গে) কত টাকা ফি নিয়েছেন জানতে চেয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত। পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ। এর পাশাপাশি সুর চড়িয়ে বলেছেন, ‘বাংলার পাবলিক যা মারবে না পরে সেটা বুঝতে পারবে।’ 

এদিন প্রতীক নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে ‘ঋতব্রত-তৃণমূল’ ও ‘কালীঘাট-তৃণমূল’ দুই পক্ষ বৈঠক করে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় তারা। সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা যেটা নিয়ে কনসার্ন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব ঠিক করেছি। ২০১১ থেকে ২০২৬ অবধি আইনজীবী ব্যানার্জি, তাঁর পুত্র, তাঁর কন্যা, তাঁর জামাতারা পশ্চিমবঙ্গ সরকারের থেকে কত টাকার মামলা করেছেন সেটা আমরা জানতে চাই। ফি কত ছিল…ফিরে গিয়েই চিঠি দেব রাজ্যের মুখ্যমন্ত্রীকে।” 

এনিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করে বেরোনোর পর কল্যাণকে প্রশ্ন করা হয়, আজ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে। উনি (ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়) বলেছেন, আপনার, আপনার পরিবারের সবাই যে টাকা নিয়েছেন সেটা নিয়ে একটা চিঠি লিখবেন…যে কত টাকা আইনজীবী ফি বাবদ আপনারা পেয়েছেন…।

এর উত্তরে কল্যাণ বলেন, “সে লিখুক না। আমার পরিবার, আমি…যা ইচ্ছা লিখুক না। আমি তো পরিশ্রম করে টাকা পেয়েছি। আমি তা বিনা পয়সায় পাইনি। আমি তো আর শুভেন্দু অধিকারীর দালালি করে বিরোধী দলনেতা হইনি। আমি যা করেছি তা তো সব অনরেকর্ড। আমি তো মামলা করেছি। এটা তো অস্বীকার করতে পারবে না। তুমি বলো আমি মামলা করিনি, আমি টাকা তুলিনি। সেটা অন্য কথা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই…যে ধর্ষণে অভিযুক্ত তাঁর কথা শুনে কী হবে ! করেছি তো। টাকা তো নিয়েছি। ফি তো নেব। যেখানে যেখানে ফি নেওয়ার নিয়েছি। সরকার থেকে দিয়েছে। তা জমাও পড়েছে। তার ট্যাক্সও দিয়েছি। এটা তো কোনও অন্যায় নয়। আমার, আমার পরিবার যারাই করেছে…করেছি তো। সরকারের স্বার্থে করেছি, স্কুল সার্ভিস কমিশনের স্বার্থে করেছি। আমার ব্যক্তিগত স্বার্থ নয়। আমি তো কেন্দ্রীয় সরকারের হয়েও আগে করেছি। পেশা..পেশা। সে পেশা করব। এভাবে তো কলঙ্ক করা যায় না। আমার পিছনে লেগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তোমার কোনও লাভ হবে না। বাংলার পাবলিক যা মারবে না পরে সেটা বুঝতে পারবে।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *