কলকাতা: ‘বিগ বস বাংলা’-র (Big Boss Bangla) বাড়িতে সফর শেষ হল, আরও এক প্রতিযোগীর। বিগ বসের ঘরে সফর শেষ হল, অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty)। এই সপ্তাহান্তে, বাড়ি থেকে ২ জন বেরিয়ে যাবে, এমনটাই জানিয়েছিলেন, শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, মডেল অভিনেত্রী আলেকজান্ড্রা টেলর (Alexandra Taylor)। আর তারপরে, রবিবার এই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, সায়ক। পেশায় অভিনেতা হলেও, সায়ককে বর্তমানে মানুষ বেশি চেনেন কনটেন্ট ক্রিয়েটার হিসেবেই। নেটপ্রভাবী সায়ক সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। তবে বিগ বসের বাড়িতে গিয়ে, তেমন ছাপ রাখতে পারলেন না তিনি। অন্তত এমনই মনে করছেন চ্যানেল এবং দর্শকেরা।
বিগ বসের বাড়ি থেকে বিদায় নিলেন সায়ক
বিগ বসের বাড়িতে ৩ সপ্তাহ থাকলেও, প্রায় সমস্ত প্রতিযোগীরই খুব কাছের হয়ে গিয়েছিলেন সায়ক। এই বাড়িতে এসে, তিনি রুটি তৈরি করতে শিখেছিলেন। শিখেছিলেন আরও হয়তো অনেক কিছু, তাঁর অভিজ্ঞতার ঝুলি যে আরও কিছুটা ভরল, তা বলাই বাহুল্য। এই সায়ক অবশ্য বাড়ি ছাড়েন হাসিমুখেই। সবাইকে বিদায় জানিয়ে সায়ক যখন বাড়ির মূল দরজা দিয়ে বেরিয়ে যান, তখন সবার চোখেই জল। অনেক প্রতিযোগী যেমন ব্য়ক্তিগতভাবে সায়ককে চিনতেন, অনেকেই আবার চিনতেন ও না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে অনেকেই সায়ক সম্পর্কে একটি ধারণা তৈরি করে নিয়েছিলেন। সেই ধারণা প্রতিযোগীদের মধ্যে ভেঙে গিয়েছে।
এদিন সায়ক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে, অন্যান্য প্রতিযোগীরা বলেন যে, সায়ক মানুষ হিসেবে খুব ভাল। হয়তো তিনি বিতর্কে জড়িয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন.. কিন্তু আদপে মানুষ হিসেবে সায়ক অন্যরকম। এদিন তনুশ্রী চোখের জল মুছতে মুছতে বলেন, ‘ওর ভিডিও দেখে ওকে অন্যরকম বলে মনে হয়েছিল। কিন্তু ছেলেটা সত্যিই ভাল।’ এদিন ভরত কলও বলেন, ‘সায়ক সত্যিই সবার সঙ্গে ঝামেলা করতে পারে না। ক্যামেরার ফোকাস কাড়তে পারে না। কিন্তু মানুষ হিসেবে সত্যিই ভীষণ ভাল।’ প্রসঙ্গত সদ্যই গোমাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সায়ক। একটি নামজাদা রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি যে, তাঁকে না বলে গোমাংস খাইয়ে দেওয়া হয়েছে। বন্ধু দেবলীনা নন্দী থেকে শুরু করে, ব্যক্তিগত জীবনেও বিতর্কে জড়িয়েছিলেন সায়ক। তবে বিগ বসের ঘর থেকে যখন সায়ক বেরিয়ে গেলেন, তখন অনেকেই বললেন যে, সায়ককে বাইরে থেকে দেখে যেমন মনে হয়.. ব্যক্তিগত জীবনে মানুষটা তেমন নয়।
