মালদা : ভয়ঙ্কর অভিযোগ মালদায়। এক বিজেপি নেতা সহ ৫ বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকার নলডুবি।
গত পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী ছিলেন মিলন ঘোষ। অভিযোগ, গতকাল তাঁর এবং পাঁচ বিজেপি কর্মীর উপর হামলা চালান তৃণমূলের পঞ্চায়েত সদস্য রিপন বর্মন ও তাঁর পরিবারের সদস্যরা।
ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় দোকান, চারচাকা গাড়ি ও একটি অটো। স্থানীয় সূত্রে জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিজেপি প্রার্থী মিলন ঘোষের সঙ্গে তৃণমূলের বর্তমান পঞ্চায়েত সদস্য রিপন বর্মনের বিবাদ চলছিল।
চলতি মাসেই যাদবপুর থানা এলাকায়, বচসায় জড়িয়ে আক্রান্ত হন বিজেপি যুব মোর্চার দুই নেতা। ওঠে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন তাঁরা। পাল্টা জবাব দেয় তৃণমূলও।
গত অগাস্টে, চলন্ত বাইকে বিজেপির বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নৈহাটির পাওয়ার হাউস মোড়ে একটি বাইকে করে এসে চলন্ত অবস্থাতেই বুথ সভাপতি প্রসেনজিৎ বন্দ্য়োপাধ্য়ায়কে আঘাত করা হয়। বিজেপি নেতার দাবি, কাণ্ডটি ঘটান যুবক তৃণমূলের কর্মী অভিজিৎ সাউ। ঘটনায় নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
একই সময়ে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে, বিজেপি কর্মীর ওপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
গুরুতর জখম হন মাসুদ পিয়াদা নামের এক বিজেপি কর্মী-সহ আরও একজন। গতকাল রাতে বাসন্তীর ঢুরি এলাকায় বিজেপির একটি সাংগঠনিক বৈঠক চলছিল। বিজেপির অভিযোগ, সেখানেই আচমকা চড়াও হয় তৃণমূল নেতা রশিদ গায়েনের নেতৃত্বে একদল দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তোলে আক্রান্তের পরিবার।
দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধর অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিজেপি নেতা তপন মণ্ডলের উপর হামলার অভিযোগ। অভিযুক্ত খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য। জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি করেছেন বিজেপির বুথ সভাপতি। অভিযুক্তর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Weather Report : বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ দিনভর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি
