নিশিন: এশিয়ান গেমসের(Asaian Games 2026) ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল(Indian Womens Cricket Team)। আগেরবার সোনা জিতেছেন হরমনপ্রীতরা। এবারও সোনা জয়ের হাতছানি রয়েছে। যার প্রথম স্তরে অন্তত এগিয়েই রয়েছে ভারতীয় দল। সৌজন্যে স্মৃতি মন্ধানা, রিচার ঘোষদের ব্যাটিং। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। নিজে ব্যাট হাতে বড় রান করতে পারেননি। কিন্তু স্মৃতি, রিচা, শেফালিদের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে দু’শো রানের গণ্ডি পেরিয়ে গেল ভারত।
আগের ম্য়াচের থেকে একাদশে কোনও বদল হয়নি ভারতের। শ্রীলঙ্কা বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ২ ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা ক্রিজে এসেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন। শেফালিকে সাধারণ আক্রমণাত্মক ভঙ্গিতে্ ব্যাটিং করতে দেখা যায়। তবে এদিন শুরু থেকে বেশি চালিয়ে খেলছিলেন স্মৃতি মন্ধানা। শেফালি ধীরে ধীরে গিয়ার বদলান। ১০ ওভারে বোর্ডে ৯৯ রান তুলে ফেলার পরই ভারতের প্রথম উইকেটের পতন হয়। শেফালি ৪৮ রান করে প্যাভিলিয়ন ফেরেন। অল্পের জন্য নিজের অর্ধশতরান মিস করেন ডানহাতি এই বিস্ফোরক ওপেনার। নিজের ইনিংসে শেফালি তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান। স্মৃতি মন্ধানা নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান। তিনি অর্ধশতরান পূরণ করেন। তবে ৭৯ রানের মাথায় প্যাভিলিয়ন ফিরতে হয় তাঁকে।
ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর শুরুটা দারুণ করেছিলেন। তিনি ১৭ বলে ১৯ রান করেই প্যাভিলিয়ন ফেরেন। তিনটি বাউন্ডারির সাহায্য়ে নিজের ইনিংসটি সাজিয়েছিলেন হরমনপ্রীত। তিনি ফিরে যাওয়ার পর ভারতের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন রিচা ঘোষ। ২২ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শেষ পর্য়ন্ত। ৬টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান শিলিগুড়ির রিচা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয় ২১৬ রান বোর্ডে তোলে ভারত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২০ সালের পর থেকে ক্রিকেটে একাধিপত্য রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। মোট ২০ বারের সাক্ষাতে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীতের দল। মাত্র ৯ বার জয় পেয়েছে লঙ্কা শিবির।
