Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই …


কলকাতা : দীর্ঘ টালবাহানার পর অবশেষে ডি-জে মন্তব্য (DJ) মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ এবং রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারির পর বুধবার বিধাননগর আদালতে হাজির হয়ে তিনি ভয়েস স্যাম্পল দেন। এরপর তিনি কিছু মন্তব্য করেন কি না, তার প্রতীক্ষা ছিল। কিন্তু তিনি কিছু না বলেই গাড়িতে উঠে চলে যান। 

বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চারটি গাড়ির কনভয় নিয়ে তিনি মা উড়ালপুল ও ইএম বাইপাস হয়ে সল্টলেকের উদ্দেশে রওনা দেন। বেলা ১১টা ৪৯ মিনিট নাগাদ তাঁর কনভয় বিধাননগর আদালতে পৌঁছয়। আদালতের নির্দেশ মেনেই সেখানে কণ্ঠস্বরের নমুনা দেন তিনি। এর আগে ৩০ জুন এবং ৮ জুলাই—দু’দফায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হলেও হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কলকাতা হাইকোর্টে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

গত ১০ জুলাই শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, “সবকিছুর একটা সীমা আছে। বিচারক একটা নির্দেশ জারি করেছেন, সেটা মানতেই হবে।” পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আইনি রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন বিবেচনা করা হতে পারে। এমনকি দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানারও ইঙ্গিত দেন আদালত। হাইকোর্ট পর্যবেক্ষণ করে জানায়, তিনি তদন্তে সহযোগিতা করবেন—এই শর্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য করা হলে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।

এই আবহেই বুধবার আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই নমুনা বিচারপতির কাছে জমা দেওয়া হবে। তার ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলার তদন্ত এগোবে। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *