কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla)-র ঘরে, শনিবার যে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে, তা বললে অত্যুক্তি হবে না। এই সপ্তাহে বিগ বসের ঘরে, ছোট-বড় অনেক ঘটনাই ঘটেছে। তবে এর মধ্যে যে বিষয়টা সবার উপরে উঠে এসেছে বা আলোচিত হয়েছে, সেটা হল, সৃজলা গুহ (Srijla Guha)-র সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা। একটি টাস্ক চলাকালীন, সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দেন নন্দিনী। মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন সৃজলা, ৫ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। শনিবার, ‘দাদার দরবার’-এর এপিসোডে ফের বিগ বসের ঘরে ফিরলেন তিনি। আর এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও বারে বারে উঠে এল সৃজলার সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা।
বিগ বসের বাড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে নিরঞ্জন
এই ঘটনায় বাড়ির প্রায় প্রত্যেকের মতামত জানতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময়ে নেটপ্রভাবী নিরঞ্জনকে সৌরভ বলেন, নন্দিনীর সঙ্গে হাত মিলিয়ে তিনি সৃজলার ব্যক্তিগত জিনিস সবার সামনে টেনে বের করেছেন এবং সেগুলোকে নষ্ট করার পরিকল্পনা করেছেন, তা ঠিক নয়। এতে নিরঞ্জন যে ব্যবহার করেন, তাতে ক্ষুদ্ধ হল সৌরভ গঙ্গোপাধ্যায় ও। প্রথমত তিনি সৃজলার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে কোনও মতপ্রকাশ করতে চান না এবং পরবর্তীতে কথা বলতে গিয়ে বেশ রুক্ষ ব্যবহার করেন সৌরভের সঙ্গে। নিরঞ্জন প্রথমেই প্রশ্ন করেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৃজলা যে কথাগুলো বলছেন, তাঁরা কি আদৌ পুরো ঘটনা দেখে কথা বলছেন? এতে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তিনি এবং সৃজলা, ২ জনেই পুরো ভিডিও দেখেই কথা বলেছেন। সৌরভ বেশ কড়াভাবেই বলেন, ‘এখানে না দেখে কেউ কথা বলে না নিরঞ্জন, তর্ক কোরো না।’
এরপরে নন্দিনী বলেন, তিনি সত্যিই নিরঞ্জনের সঙ্গে পরিকল্পনা করেই সৃজলার কার্ডটি বের করেছিলেন। এতে নিরঞ্জন ফের বলেন, ‘একটি ন্যাশনাল মিডিয়াতে আমায় এরকম দোষারোপ করে কথা বলা যাবে না।’ এরপরে সৌরভ তাঁকে খুব কড়াভাবে বলেন, ‘নিরঞ্জন তুমি যাই বলো, তোমার কথা কেউ শুনবে না। এখানে তোমার বাজে কথা শুনতে কেউ আসেনি, তুমি এখান থেকে উঠে চলে যেতে পারো।’ এই কথা বলায় নিরঞ্জন সাময়িকভাবে চুপ করে গেলেও, পরে তিনি বিস্তারিত বলেন যে, প্রাথমিকভাবে নন্দিনীর সঙ্গে মিলে তিনি সৃজলার কার্ডটি বের করলেও, পরবর্তীতে তাঁর মনে হয় কাজটি ঠিক হচ্ছে না। সেই কারণে তিনি ক্ষতি করতে পারে, এইরকম সব জিনিস ঘর থেকে লুকিয়ে ফেলেন এবং সৃজলার কার্ডটিও দুর্নিবারকে ফেরত দিয়ে দেন।
আরও পড়ুন: Srijla Guha: সৌরভকে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন সৃজলা, চোখে জল ভরত-নন্দিনীদের
