নয়াদিল্লি: প্রযুক্তির দুনিয়ায় যুযুধান দুই পক্ষ। সরাসরি সংঘাতে Apple এবং ইলন মাস্কের X. Apple-এর তরফে অ্যাপস্টোর থেকে Grok Appটি সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর। আমেরিকার সেনেটরদের সেই নিয়ে চিঠিও লেখা হয়েছে বলে জানা যাচ্ছে। (Apple vs Grok AI)
আমেরিকার NBC News জানিয়েছে, মহিলাদের সম্মতি ছাড়া যেভাবে তাঁদের ডিপফেক ছবি-ভিডিও এবং অডিও ছড়িয়ে পড়ে X-এ,সেই নিয়ে চাপ বাড়ছিল Apple-এর উপর। অ্যাপ স্টোর থেকে Grok App সরিয়ে দেওয়ার সুপারিশ আসে। সেই নিয়ে গোড়ায় তেমন প্রতিক্রিয়া না জানালেও, xAI-কে Apple হুঁশিয়ারি দিয়েছে। (Elon Musk)
জানা গিয়েছে, হাজারো অভিযোগ-অনুযোগ জমা পড়ার পর আলাদা ভাবে X এবং xAI-এর সঙ্গে যোগাযোগ করে Apple. কনটেন্ট মডারেশনের জন্য কী কী করণীয় জানায়। এর পর X-এর তরফে Grok App-টি নিয়ে নয়া আপডেট সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয় পর্যালোচনার জন্য। কিন্তু X-এর রিপোর্টটি খারিজ হয়ে যায়। জানানো হয়, ওই পরিবর্তন ‘যথেষ্ট নয়’।
আমেরিকার সেনেটরদের পাঠানো Apple-এর ওই চিঠি উদ্ধৃত করে NBC, যাতে বলা হয়, ‘Apple X-এর রিপোর্ট খতিয়ে দেখেছে। কিছু সংশোধন চোখে পড়লেও Grok App-টি এখনও বিধি বহির্ভূত কাজ চালিয়ে যাচ্ছে। তাই Grok-এর রিপোর্ট খারিজ করছি আমরা। ডেভলপারদের জানিয়েছে, আরও পরিবর্তন ঘটানো দরকার। অন্যথায় অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে দেওয়া হবে’।
NBC জানিয়েছে, এখনও মহিলাদের সম্মতি ছাড়া, তাঁদের যৌন আবেদনময়ী ছবি তৈরি করে চলেছে Grok. এমনকি শিশুদের ডিপফেক ছবি-ভিডিও-ও তৈরি করা হচ্ছে। গত মাসেই এমন একাধিক ঘটনা সামনে আসে। তবে আগের তুলনা পরিমাণ কমে এসেছে।
অ্যাপ স্টোরে X এবং Grok App রাখে দেওয়া Apple-এর জন্য লাভজনকই। কিন্তু Grok লাগাতার অ্যাপ স্টোরের বিধিনিয়ম লঙ্ঘন করে চলেছে বলে অভিযোগ। Apple-এর তরফে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানানো হয়নি।
xAI-এর Grok চ্যাটবটটিকে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে ভারতেও Grok-কে নিয়ে আপত্তি শোনা গিয়েছে। মহিলা এবং নাবালিকাদের ছবি-ভিডিও বিকৃত করার অভিযোগ উঠেছে। তবে বিতর্ক চরমে ওঠে চলতি বছরের শুরুতে। মহিলা এবং নাবালিকাদের ছবি থেকে Grok পোশাক খুলে নিচ্ছে বলে অভিযোগ ওঠে। একটি রিপোর্টে দেখা যায়, Grok-কে ব্যবহার করে প্রতি ঘণ্টায় এমন হাজার হাজার বিকৃতকাম ছবি তৈরি করছে অনেকে। ব্রিটেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও রোষানলে পড়ে Grok.
আমেরিকার তিন ডেমোক্র্যাট সেনেটর সেই নিয়ে Apple এবং Google-এর উপর চাপ সৃষ্টি করেন। অ্যাপ স্টোর এবং প্লে-স্টোর থেকে X এবং Grok App দু’টি সরিয়ে ফেলার দাবি তোলেন সেনেটর রন ওয়াইডেন, বেন রে লুজান এবং এডওয়ার্ড মার্কি। সেই সময় ইলন মাস্ক কড়া ব্যবস্থাগ্রহণের কথা বললেও, কার্যক্ষেত্রে তার পরও Grok-এর সাহায্য়ে নগ্ন ছবি-ভিডিও তৈরির নজির সামনে আসে।
