কলকাতা: সাধারণ মানুষের জন্য কম খরচে সামাজিক নিরাপত্তার সুযোগ তৈরি করতে কেন্দ্রীয় সরকারের দুটি গুরুত্বপূর্ণ বিমা প্রকল্প হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)। একটি মূলত জীবন বিমা, অন্যটি দুর্ঘটনা বিমা। দুটি প্রকল্পের ক্ষেত্রেই বছরে একবার প্রিমিয়াম জমা হয় এবং ১ জুন থেকে পরের বছরের ৩১ মে পর্যন্ত কভারেজ কার্যকর থাকে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রিমিয়াম কেটে নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুন: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
PMJJBY-তে কী সুবিধা?
PMJJBY বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা হল একটি টার্ম লাইফ ইনসিওরেন্স। ১৮ থেকে ৫০ বছর বয়সি ব্যক্তিরা এতে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন। ৫০ বছর বয়সের আগে প্রথমবার নাম নথিভুক্ত করলে বিমার কভার ৫৫ বছর বয়স পর্যন্ত চালু রাখা যায়। বার্ষিক ৪৩৬ টাকা করে এই বিমার প্রিমিয়াম দিতে হয়। আর এর বদলে এই প্রকল্পে বিমার আওতায় থাকা ব্যক্তির মৃত্যু হলে, নমিনি ব্যক্তি ২ লক্ষ টাকা পান। অর্থাৎ প্রিমিয়ামের খরচ দিনে ২ টাকারও কম।
তবে নতুন করে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বা PMJJBY-তে যোগ দিতে চাইলে ৩০ দিনের একটা লিয়েন পিরিয়ড রয়েছে। এই সময়ে যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয়, তাহলে কোনও টাকা পাওয়া যায় না। তবে দুর্ঘটনাজনিত মৃত্যু প্রথম দিন থেকেই কভার করা হয়। এই প্রকল্পের প্রিমিয়াম সেকশন 80C-এর অধীনে করছাড়ের জন্য বিবেচ্য হতে পারে।
PMSBY-তে দুর্ঘটনার সুরক্ষা
অন্যদিকে PMSBY বা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সম্পূর্ণভাবে দুর্ঘটনা বিমা প্রকল্প। ১৮ থেকে ৭০ বছর বয়সি ব্যক্তিরা এই বিমা প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। বার্ষিক মাত্র ২০ টাকা প্রিমিয়ামে দুর্ঘটনাজনিত মৃত্যু বা সম্পূর্ণ স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ২ লক্ষ টাকা এবং আংশিক স্থায়ী অক্ষমতার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যায়।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় কোনও লিয়েন পিরিয়ড নেই। তবে এটি সাধারণ মৃত্যু বা দীর্ঘমেয়াদি অসুস্থতাজনিত মৃত্যুর বিমা নয়। প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা বা ভূমিকম্পের কারণে দুর্ঘটনা এবং খুনের মতো ঘটনাও নির্দিষ্ট শর্তে এই কভারেজের আওতায় থাকতে পারে।
একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সদস্যপদ
দুটি প্রকল্পেই একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল Single Account Rule। অর্থাৎ, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও একই ব্যক্তি শুধুমাত্র একটি ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্টের মাধ্যমে এই প্রকল্পে যোগ দিতে পারবেন। ভুলবশত একাধিক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম কেটে নেওয়া হলেও মোট বিমা দাবি ২ লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদিও অতিরিক্ত কেটে নেওয়া প্রিমিয়াম ফেরত পাওয়ার কিন্তু কোনও নিশ্চয়তা থাকে না।
সময়মতো অ্যাকাউন্টে টাকা রাখা জরুরি
প্রতি বছর ৩১ মে-র মধ্যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা গুরুত্বপূর্ণ। কারণ নির্ধারিত সময়ে প্রিমিয়াম স্বয়ংক্রিয়ভাবে কেটে নিয়ে বিমা নবীকরণ করা হয়। পর্যাপ্ত ব্যালান্স না থাকলে অটো ডেবিট আটকে যেতে পারে। এর ফলে বিমার কভারেজ বন্ধ হয়ে যেতে পারে।
কীভাবে নাম নথিভুক্ত করবেন?
নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে অনেক ক্ষেত্রেই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা-তে নিজের নামের নথিভুক্তিকরণ করা যায়। এছাড়াও সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখা বা পোস্ট অফিসে গিয়ে কনসেন্ট কাম ডিক্ল্যারেশন ফর্ম জমা দিয়েও নাম নথিভুক্ত করা সম্ভব।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা-র উদ্দেশ্য হল তুলনামূলক কম প্রিমিয়ামে সাধারণ মানুষের জন্য জীবন ও দুর্ঘটনাজনিত ঝুঁকির বিরুদ্ধে একটি মৌলিক আর্থিক সুরক্ষা তৈরি করা। তবে দুই প্রকল্পের কভারেজ, বয়সসীমা, প্রিমিয়াম এবং দাবির নিয়ম আলাদা। তাই কোনও প্রকল্পে যোগ দেওয়ার আগে নিজের প্রয়োজন অনুযায়ী শর্তগুলি বোঝা এবং প্রতি বছর নির্ধারিত সময়ে প্রিমিয়ামের জন্য অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স রাখা গুরুত্বপূর্ণ।
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
