কলকাতা: আয়কর রিটার্ন ফাইল করার সময় ক্রমশ শেষ হয়ে আসছে। ফলে, অনেকেই তাড়াহুড়ো করে রিটার্ন ফাইল করার কথা ভাবছেন। কিন্তু কোনও ধরনের তাড়াহুড়ো করতে বারণ করছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত।
আরও পড়ুন: ITR দাখিলের সময় প্রায় শেষ, কিন্তু এই ভুলগুলো একদম করবেন না
অর্থনীতিবিদ বলছেন, “রিটার্ন ফাইল করা কখনও ভয়ের কাজ নয়। রিটার্ন ফাইল করা মানে আপনার কোথা থেকে কত উপার্জন হয়েছে, কোথায় কত বিনিয়োগ করেছেন সেটা জানানো। যদিও আয়কর দফতর বিভিন্ন ভাবে জেনে যায় আপনি কোথা থেকে কত উপার্জন করেছেন। সেই কারণেই আপনার AIS, TIS, ফর্ম ১৬ অনুযায়ী আপনার উপার্জন লিখবেন। ভয় পাবেন না।”
অনেকেই মনে করেন আয়কর রিটার্নে কোনও ভুল হয়ে গেলে জেল বা জরিমানা হতে পারে। কিন্তু অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত বলছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাঁর কথায়, “আয়কর রিটার্ন ভুল হলে আপনার ক্ষতি হয়েছে যাবে, এমন নয়। আয়কর দফতর এখন আগের থেকে অনেক মানবিক। আপনি যদি ভুল করেও থাকেন, তাহলেও কোনও ভয় নেই। সেই ভুল বিভিন্ন স্তরে শুধরে নেওয়া যায়। নিজে নিজেও যদি আয়কর রিটার্ন ফাইল করেন, তাহলে আয়কর দফতর নিজের আপনাকে সেই ভুল জানিয়ে দেবে। আয়কর দফতর ইমেলের মাধ্যমে এই ভুলগুলো সাধারণ মানুষকে জানিয়ে দেয়।”
যদি সময়ের মধ্যে রিটার্ন ফাইল করতে না পারেন, তাহলে কী হবে? অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত বলছেন, “আপনি যদি ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন ফাইল করতে নাও পারেন, তাহলেও চিন্তার কারণ নেই। আপনাকে সামান্য একটা ফিজ দিতে হবে। আপনি ডিসেম্বরের আগেও ফাইল করতে পারেন। এমনকি আয়কর রিটার্ন ফাইল করার সময় আপনি যদি ভুলও করে থাকেন, তাহলেও তা ঠিক করে নেওয়ার জন্য একাধিক উপায় আছে।”
অনেকেই ভাবেন আয়কর রিটার্ন দাখিল করতে গেলে হয়তো কর দিতে হবে। আসলেই কি তাই? অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত বলছেন, “আপনার কষ্টার্জিত টাকার উপর আপনি ইতিমধ্যেই কর দিয়ে দিয়েছেন। আপনি যে সংস্থায় চাকরি করেন তারাও ট্যাক্স ডিডাকসন অ্যাট সোর্স বা TDS কেটে নিয়েছে। ফলে, সেই অর্থে এটা খুবই সাধারণ কাজ। সেই কারণেই ITR-1 কে সরল বলা হয়।”
