গল: আর মাত্র দিন দু’য়েকের অপেক্ষা। তারপরেই গলে প্রথম টেস্ট খেলতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। সেই টেস্টর জন্য ভারত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। তবে লঙ্কা প্রিমিয়ার লিগ চলায় শ্রীলঙ্কা দল ঘোষণা করেনি। অবশেষে নিজেদের দল ঘোষণা করল লঙ্কান লায়ান্সরা। দলে নেই এক নয়, দুই দুইজন তারকা ক্রিকেটার।
কুশল মেন্ডিস ফিট হয়ে উঠতে পারেন কি না, তিনি ভারতের বিরুদ্ধে খেলত পারেন কি না, সেই বিষয়ে জানতেই মূলত সকলে শ্রীলঙ্কান দল ঘোষণার অপেক্ষায় ছিলেন। শেষমেশ জল্পনাই সত্যি হল। কুশল মেন্ডিস ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামতে পারছেন না। তাঁকে দ্বীপরাষ্ট্রের ঘোষিত ১৬ জনের দলে রাখা হয়নি।
আরও পড়ুন:- ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে কলম্বো ক্যাপসের হয়ে খেলার দলের অধিনায়ক কুশল মেন্ডিস দ্রুত রান নিতে গিয়ে চোট পান। রান নেওয়ার সময়ই তাঁর ডান পেশিতে টান লাগে। তাঁকে বেশ যন্ত্রণায় দেখায়। এর জেরে তিনি গোটা ম্যাচে ঠিকভাবে রানও নিতে পারছিলেন না। শেষমেশ রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয়। পরবর্তীতে মেডিক্যাল স্ক্যান করার পর দেখা যায় মেন্ডিসের চোট বেশ বড়। তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে আর খেলতেই পারবেন না। তিনি জাতীয় হাইপারফরম্যান্স সেন্টারে এরপরে রিহ্যাব সারবেন বলে লঙ্কান বোর্ডের তরফে জানানো হয়।
Sri Lanka have unveiled squad for the first home Test against India in Galle 📝#WTC27https://t.co/IqRQEOQinO
— ICC (@ICC) August 12, 2026
এরপরে আশঙ্কা করা হচ্ছিল মেন্ডিস হয়তো ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফিট হতে পারবেন না। হলও তাই। প্রথম টেস্টে খেলবেন না কুশল মেন্ডিস। তাঁর পরবর্তে কিপার-ব্যাটার হিসাবে নিরোশান ডিকওয়ালাকে লাল বলের ক্রিকেটে ফেরানো হয়েছে। সেই ২০২৩ সালে ডিকওয়ালা শেষবার শ্রীলঙ্কান জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে খেলেছিলেন। তবে কুশল মেন্ডিস চোট পাওয়ায় প্রথম টেস্টে তাঁর প্রত্যাবর্তন প্রায় পাকা। ডিকওয়ালার পাশাপাশি দিলশান মধুশঙ্কাও শ্রীলঙ্কার টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। তিনি ফেরায় দ্বীপরাষ্ট্রের ফাস্ট বোলিং বিভাগের শক্তি বাড়ল।
তবে প্রথম টেস্টে শুধু কুশল মেন্ডিস নয়, দলে রাখা হয়নি পাথুম নিসঙ্কাকেও। তিনিও চোটের কবলে রয়েছেন। কব্জির চোট সারাচ্ছেন লঙ্কান তারকা ওপেনার। মেন্ডিসরা দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়। সেই সম্ভাবনা আছে বলেই সম্ভবত শ্রীলঙ্কা ক্রিকেট আপাতত গলে প্রথম টেস্টের দলই কেবল ঘোষণা করেছে। নিসঙ্কা এবং কুশল মেন্ডিস দলে না থাকায় যে অন্তত প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। দলকে যথারীতি ধনঞ্জয় ডি সিলভাই নেতৃত্ব দেবেন।
