করাচি: এশিয়ান গেমসের পরই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার কায়নাত ইমতিয়াজ। দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন। ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার দুটো এশিয়ান গেমস ও ২০১৭ সালের মহিলা বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। আর ক্রিকেট কেরিয়ার থেকে ইতি টানার পর এবার ম্য়াচ রেফারি হিসেবে কাজ শুরু করতে চলেছেন কায়নাত।
ইমতিয়াজ পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ১৯টি ওয়ানডে ও ২১টি টি টোয়েন্টি ম্যাচ খেলে দুই ফর্ম্য়াট মিলিয়ে মোট ১৮টি উইকেট নিয়েছেন। ২০১০ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর টি টোয়েন্টি অভিষেক হয়। তার ১ বছর পর ফতুল্লায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর ওয়ান ডে অভিষেক ঘটে। কেরিয়ারের শেষের দিকে আন্তর্জাতিক স্তরে সুযোগ কিছুটা কমে আসলেও, ইমতিয়াজ ঘরোয়া প্রতিযোগিতা ও সম্প্রচার কাজের মাধ্যমে ক্রিকেটের সাথেই যুক্ত ছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি নিজের শেষ ওয়ান ডে ম্যাচটি খেলেন। আর তাঁর শেষ টি টোয়েন্টি ম্যাচটি ছিল সিলেটে অনুষ্ঠিত ২০২২ এশিয়া কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে। ইমতিয়াজ ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন।
ক্রিকেট থেকে সরে যাননি কিন্তু ইমতিয়াজ। আসলে তিনি ম্য়াচ রেফারি হিসেবে নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন পাক পেসার। এছাড়া আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার আগে চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে করাচিতে অনুষ্ঠিত পিসিবি জাতীয় মহিলা অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমতিয়াজ। এর আগে কায়নাতের মা সালিমা ইমতিয়াজও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলন। সালিমা ২০২৪ সালে আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক ডেভলপমেন্ট প্য়ানেলে নাম ওঠা প্রথম পাকিস্তানি মহিলা হন। এরপর থেকে সালিমা মহিলা ক্রিকেটে ৯টি ওয়ান ডে ও ৬৯টি টি টোয়েন্টি ম্যাচে অফিশিয়ালের দায়িত্ব পালন করেছেন।
গত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল পাক দল। সহজে হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল।
