KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে


কলকাতা: আইপিএলের (IPL 2026) পয়েন্ট টেবিলের তলানিতে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সমালোচনার আগুনে পুড়ছেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে গ্রিনকে কিনেছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি।

আইপিএলে ৫ ম্যাচে মাত্র ৫৬ রান করেছেন গ্রিন। সিএসকে-র বিরুদ্ধে মঙ্গলবার ০ রানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। প্রথম তিন ম্যাচে বল করেননি গ্রিন। সব মিলিয়ে নিয়েছেন ১ উইকেট।

কলকাতা নাইট রাইডার্সের দুঃসময় কাটছে না। টুর্নামেন্টে একমাত্র দল হিসাবে এখনও জয়ের মুখ দেখেননি নাইটরা। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের কাছেও ৩২ রানে হারতে হয়েছে কেকেআরকে। ৫ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট পেয়েছে শাহরুখ খানের দল। একমাত্র পয়েন্টটি এসেছে ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়। সেই ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছিল।

কোণঠাসা হয়ে পড়ে কি এবার ক্যামেরন গ্রিনকে বাদ দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে চলেছে কেকেআর? অজিঙ্ক রাহানের কথায় অন্তত সেরকম ইঙ্গিত রয়েছে। কেকেআরের অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, টিম কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তা করছেন তাঁরা। পরের ম্যাচগুলিতে ব্যাপর রদবদলও করা হতে পারে।

ম্যাচের শেষে রাহানে বলেছেন, ‘কম্বিনেশনের কথা বললে, আগের ম্যাচে ও এই ম্যাচে যে কম্বিনেশন খেলল, আমাদের মনে হয়েছে তা খুব ভাল। এই মুহূর্তটা খুব কঠিন। আমরা ম্যাচ জিতছি না আর সেটা কঠিন। তবে গ্রুপ হিসাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল ইতিবাচক থাকা। মাথা উঁচু রাখা। চিবুক উঁচু রাখা। শুধু মুহূর্তটা নিয়ে ভাবা।’

এরপরই রাহানে বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে বসে টিম কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। আমাদের কোনও পরিবর্তন করতে হবে। যদি ফলাফল আমাদের পক্ষে যায় তাহলে ক্রিকেটারদের সমর্থন করে যাওয়া দরকার। কিন্তু যদি ফলাফল উল্টো হয় তাহলে কম্বিনেশন নিয়ে ভাবতে হবে বৈকি! তবে সেটা ছাড়া আমাদের ইতিবাচক থাকতে হবে, মাথা সোজা রাখতে হবে।’

গ্রিনের মোহ কাটানোর জন্য কেকেআরকে পরামর্শ দিলেন বীরেন্দ্র সহবাগও। বীরু বলেছেন, ‘তোমাদের কাছে এত টাকা ছিল, ২৫-২৭ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনলে আর সেই এখন দলের বোঝা হয়ে দাঁড়িয়েছে। ওকে খেলালে পারফর্ম করতে পারছে না। ওকে না খেলালে লোকে বলবে এত টাকা দিয়ে কিনে কেন খেলাচ্ছো না। কিন্তু ক্যামেরন গ্রিনকে এত টাকা দিয়ে কিনে ভুল হয়েছে মেনে নিতে সমস্যা নেই।’

গ্রিনকে বসানোর পরামর্শ দিয়েছেন সহবাগ। বীরু বলেছেন, ‘ওকে বসিয়ে পরিবর্তে টিম সাইফার্টকে খেলাও। যে সম্প্রতি নিউজ়িল্যান্ডের হয়ে ভাল খেলেছে। ওই দুজন ওপেনারই আগ্রাসী ব্যাটিং করে। ওদের দুজনকে দিয়েই ইনিংস ওপেন করাও।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *