লস অ্যাঞ্জেলস: চোট কি এখনও পুরোপুরি সারেনি? কেন ব্রাজিলের হয়ে নক আউটে জাপানের বিরুদ্ধে খেলতে নামলেন না নেইমার? এই প্রশ্নই ভক্তদের মনে জাগছে বেশি করে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে পরিবর্ত হিসেবে অল্প কিছুক্ষণের জন্য নেমেছিলেন, ব্যস ওইটুকুই। আর একবারও নেইমারকে মাঠে দেখা যায়নি এবারের বিশ্বকাপে। জাপানের বিরুদ্ধে একটা সময়ে ০-১ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। সেই সময়ও নেইমারকে মাঠে নামানোর কোনও ভাবনা ছিল না আনচেলোত্তির মাথায়। কিন্তু কেন? জাপানের বিরুদ্ধে ব্রাজিল জিততেই সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। ব্রাজিল কোচ বলছেন, ‘খেলা যদি নব্বই মিনিটের বেশি গড়াত তাহলেই নেইমারকে নামানোর বিষয়ে ভেবেছিলাম। আমি নেইমারের সঙ্গে কথা বলেছিলাম ও ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে তাকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু এরপর আমরা ম্যাচে সমতা ফেরাই। আর তখন আমি আমাদের কৌশলগত কাঠামো পরিবর্তন করতে চাইনি, কারণ দল পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে ছিল।’
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে ব্রাজিল দলে নেইমারের প্রত্যাবর্তন ছিল সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। কিন্তু টুর্নামেন্ট যত এগোচ্ছে একটা বিষয় তো পরিষ্কার যে পুরোপুরি এখনও ম্য়াচ ফিট হয়ত নন নেইমার। তাই শুরু থেকে তাঁকে খেলানোর রিস্ক নিচ্ছেন না ব্রাজিল কোচ আনচেলোত্তি। প্রথমার্ধে গােল হজম করার পর দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর সৌজন্যে খেলায় সমতা ফেরায় ব্রাজিল। তাই আর কম্বিনেশন ব্রেক করতে চাননি ইতালিয় কোচ।
জাপানের বিরুদ্ধে খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল ব্রাজিল। তবে ব্রাজিলের কিংবদন্তি জিকো সতর্ক করে দিয়েছিলেন যে ভিনিসিয়াসদের কিন্তু হারিয়ে দিতে পারে জাপান। জিকোর কথা যেন অক্ষরে অক্ষরে ফলিয়ে দিচ্ছিল জাপান। উল্টোদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। তাতে কী! অকুতোভয় ফুটবল খেলল এশিয়ার দেশ। বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-তে প্রথমার্ধে ব্রাজ়িলের বিরুদ্ধে এগিয়ে ছিল জাপান। দ্বিতীয়ার্ধে হেডে গোল করে ১-১ করেন ক্যাসেমিরো। ম্যাচ তখনও ১-১, ৬ মিনিট ইনজুরি টাইম দিয়েছিলেন রেফারি। ঘড়ির কাঁটা পাঁচ মিনিট পেরিয়ে গিয়েছে। সকলেই ধরেই নিয়েছেন যে, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। সেই সময়ই গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে স্বস্তি দিলেন দলকে। গোটা ম্য়াচে জাপান বেশ লড়াই করল। বিশেষ করে জাপানের গোলরক্ষক সুজুকির কথা তো আলাদা করে বলতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত হেক্সা জয়ের আশা জিইয়ে রাখল ব্রাজিল শিবির।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
