নিউ জার্সি: তাঁর নিজের দল শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছে। বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে তাঁর এবং তাঁর দল পর্তুগালের। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার আর্জেন্তিনার বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর বিতর্কে জড়ালেন।
কে সেরা ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসি, তা নিয়ে দীর্ঘদিনের তর্ক রয়েছে। তবে জোড়া কোপা আমেরিকা, ফাইনালিসিমা জয়ের পাশাপাশি বিশ্বকাপ জিতে রোনাল্ডোকে ঢের পিছনে ফেলেছেন মেসি। এবার আর্জেন্তিনার মহাতারকার সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। স্পেনকে ফাইনালে হারাতে পারলে পরপর দুবার বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল মেসির সামনে। আর এক কিংবদন্তি পেলেকে ধরে ফেলতেন।
কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্তিনা। তারপরই রোনাল্ডো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট লাইক করায় ফুটবল জগতে তোলপাড় শুরু হয়েছে। আসলে, রোনাল্ডোর ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট লাইক করা হয়েছে, যেখানে ফিফার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা পক্ষপাতিত্ব করে আর্জেন্তিনাকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছে।
বিশ্বকাপ টুর্নামেন্ট চলাকালীন এমন অনেক অভিযোগ উঠেছে যে, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে কোনও উপায়ে লিওনেল মেসিকে সাহায্য করে আর্জেন্তিনাকে ফাইনালে পৌঁছতে চেয়েছিলেন। যদিও আর্জেন্তিনা শিবির থেকে এর তীব্র বিরোধিতা করা হয়। বলা হয়, পুরোটাই ফিফার ওপর চাপ তৈরি করার চেষ্টা।
🚨📲 Cristiano Ronaldo likes an Instagram post from a journalist accusing Argentina and Messi of corruption 🤣 pic.twitter.com/IbWXuJGwcH
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) July 20, 2026
আর্জেন্তিনার ম্যাচে রেফারির নেওয়া সিদ্ধান্ত এবং ভিএআর রিভিউ সিস্টেম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রোনাল্ডো যে পোস্টটি লাইক করেছেন, তাতে একজন স্প্যানিশ সাংবাদিক লিখেছিলেন যে, রেফারির পক্ষপাতিত্ব আর্জেন্তিনাকে ফাইনালে পৌঁছে দিয়েছিল। যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সোশ্যাল মিডিয়া পোস্ট লাইক করার ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন: আর্জেন্তিনাকে ‘ম্যাচ ছাড়তে’ বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
বিশ্বকাপে রোনাল্ডোর দল অনেক আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। পর্তুগাল রাউন্ড অফ ১৬-এর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল। এই স্পেনই পরে ফাইনালে আর্জেন্তিনাকে ১-০ গোলে হারায় ও বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
আরও পড়ুন: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে ‘বাধ্য’ হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
