Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত


কলকাতা: রক্ষাকবচ চেয়ে একদিকে যখন কোর্টে গিয়েছেন অরূপ বিশ্বকাপ। তখন সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত। নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে মেসিকে কলকাতায় আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন। যুবভারতীতে লিওনেল মেসি আসার দিন যে অব্যবস্থা ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য প্রচুর দর্শক আকাশছোঁয়া দামের টিকিট কেটে এসেও মেসিকে দেখতে পারেননি। পুরো সময়টাই মেসির সঙ্গে একেবারে প্রায় লেপ্টে ছিলেন অরূপ বিশ্বাস। এরপরই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু দত্ত। এরপর হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন অরূপ বিশ্বাস।

শতদ্রু দত্ত এবিপি আনন্দকে দেওয়া ফোনে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আজ হাইকোর্টে অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। ওঁনাকে গ্রেফতার করা যাবে না। আমি সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে অ্য়াপিল করব। যদি সেখান থেকে কোনও সদুত্তর না পাই, তাহলে আমি সুপ্রিম কোর্টে যাব। আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন এমনই বলা হয়েছিল যে আমি না কি প্রভাবশালী লোক। কিন্তু অরূপ বিশ্বাস তো আমার থেকেও প্রভাবশালী লোক। উনিও তো প্রমাণ লোপাট করতে পারেন, প্রভাব খাটাতে পারেন। আমি তাই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভেবেছি।’

বারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস। আদালতে এদিন অরূপ বিশ্বাসের প্রতি বিস্ফোরক মনোভাব দেখা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের। বৃহস্পতিবার বিচারপতি বলেন, ‘মেসিকাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। এই ঘটনায় রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন! মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? অরূপ বিশ্বাস এসব কীভাবে করতে পারলেন? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি?’ হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেন, ‘গোটা দেশের আরও অনেক জায়গায় মেসি গেছেন , কোথাও তো এসব হয়নি।’ শুনানির সময় বিচারপতি প্রশ্ন তোলেন, “পুলিশ দেখা করতে বলছে, যাচ্ছেন না কেন? কবে যাবেন?” উত্তরে অরূপ বিশ্বাসের আইনজীবী বলেন, ‘আপনি রক্ষাকবচ দিলে কালকেই যাব।’ এরপর আদালত নির্দেশ দেয়, ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিয়ে অরূপ বিশ্বাসকে তলব করতে হবে। একইসঙ্গে হাইকোর্ট জানিয়ে দেয়, তদন্ত চলবে তদন্তের মতোই। তবে পুলিশ গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *