Stock Market Today: একদিনে হাজার পয়েন্টের বেশি পড়ল Sensex! পিছনে কি ট্রাম্পের হাত?


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

ভারতের প্রধান দুই শেয়ার সূচক নিফটি আর সেনসেক্স একদিনে পড়ল ১ শতাংশেরও বেশি। তবে এই রক্তক্ষরণ সবচেয়ে বেশি হয়েছে ভারতের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে। নিফটি ৫০ সূচকের ৫০টি শেয়ারের মধ্যে ৫টিই হল তথ্য-প্রযুক্তি সংস্থার। আর সেই সব শেয়ারের দাম এক ধাক্কায় পড়েছে প্রায় ৭ শতাংশের কাছাকাছি। দিনের শেষে ২৮৮ পয়েন্ট পড়ে নিফটি ৫০ সূচক দাঁড়িয়েছে ২৫,৪২৪ পয়েন্টে। অন্যদিকে ১,০৬৮ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৮২,২২৫ পয়েন্টে।

কোন সংস্থা কত পড়েছে?

গত চার দিনের মধ্যে ভারতের শেয়ার বাজারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখা গেল এদিন। দেশের সবচেয়ে বড় তথ্য-প্রযুক্তি সংস্থা টিসিএস পড়েছে ৩.৮৩ শতাংশ। আর এক জায়ান্ট ইনফোসিস পড়েছে প্রায় ৪ শতাংশের মতো। ৬ শতাংশের বেশি পড়েছে এইচসিএল টেক। উইপ্রো পড়েছে ২.৭৯ শতাংশ। আর এক সংস্থা টেক মাহিন্দ্রা পড়েছে ৬.৬৩ শতাংশ।

কেন এই রক্তক্ষরণ?

মনে করা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই ভারতের বাজারে এই সব শেয়ারের দামে বিরাট একটা পতন দেখা গিয়েছে। কারণ, দিন কয়েক আগে শুল্ক নিয়ে নতুন করে ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট। আর মনে করা হচ্ছে সেই কারণেই বাজারে একটা উত্তেজনা তৈরি হয়েছে। আর সেই কারণেই ভারতের তথ্য-প্রযুক্তি সংস্থাগুলো থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে খুচরো বিনিয়োগকারী থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

আগামীতে কী হতে পারে?

টেকনিক্যালি নিফটি কী করতে পারে, সেই নিয়ে মন্তব্য করেছেন এক বিশেষজ্ঞ। তিনি বলছেন যে, ২৫,৫০০ থেকে ২৫,৬০০ পয়েন্টের মধ্যে নিফটির ঘোরাফেরা করা বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এই জায়গা থেকে নিফটি আরও উপরের দিকে ওঠার ক্ষেত্রে একটা বাধা পাবে। কারণ, এই জায়গা থেকে নিফটি ধীরে ধীরে যদি উঠতে শুরু করে তাহলে তা বাজারের জন্য খুবই ভাল। আর যদি বাধা পাওয়ার পর নিফটি আরও নীচের দিকে নামতে থাকে তবে তা আরও পড়তে পারে।

নিফটি আইটির সূচকও পড়েছে প্রায় ৫ শতাংশের কাছাকাছি। শুধু ২৪ ফেব্রুয়ারি একদিনে ১,৪৯৭ পয়েন্ট পড়েছে এই সূচক। এই পতন শুধুমাত্র গত এক বছর নয়, গত ২ বছরের মধ্যে  সবচেয়ে খারাপ অবস্থা। যদিও নিফটির একাধিক সূচক আজ বেড়েছেও। এর মধ্যে উল্লেখযোগ্য নিফটি মেটাল। আজ প্রায় ১ শতাংশের কাছাকাছি বেড়েছে এই সূচক।

( Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *