কলকাতা: বিতর্ক, জল্পনা সব পেরিয়ে, অবশেষে ঘোষণা। রুপোলি পর্দার সুপারস্টার এবার ভোটের ময়দানে। আসন্ন নির্বাচনে লড়বেন থলপতি বিজয় (Vijay)। সদ্যই বিজয় ঘোষণা করেছিলেন, তিনি ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (TVK) নামে একটি দল গঠন করেছেন। আর এবার তারকা ঘোষণা করলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ২টি কেন্দ্র থেকে লড়াই করবেন থলপতি বিজয়। পেরামবুর ও ত্রিচি ইস্ট, এই ২ কেন্দ্র থেকে ভোটে লড়বেন থলপতি বিজয়। দল গঠন করলেও, প্রথমে শোনা গিয়েছিল যে তিনি নির্বাচনে লড়বেন না। কিন্তু এখন দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ২টি কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন তিনি।
এদিন থলপতি বিজয় জনগণের উদ্দেশে বলেন, ”তামিলাগা ভেটরি কাজ়াগম’ (TVK)-কে অন্তত একটা সুযোগ দিন। এই ভোট পরিবর্তনের সুর হতে পারে। একবার এই দলকে সুযোগ দিয়েই দেখুন।’ বিজয় আরও বলেন, ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’-এর যে যে প্রার্থী যেখানে দাঁড়িয়েছে, মনে করুন সেই সমস্ত জায়গায় আমি দাঁড়িয়েছি। ২৩ এপ্রিস তামিলনাড়ুর প্রথম দফার ভোট।’ এদিন দলের সমস্ত প্রার্থীর নাম ঘোষণা করে বিজয় বলেন, ‘আমাদের দলে কোনও হেভিওয়েট প্রার্থী নেই। সবাই খুব সাধারণ, সাধারণ মানুষের মতোই তাঁর জীবনযাপন। আর তাই, আমাদের প্রার্থীদের অনৈতিক কাজের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাঁদের কোনও চুরির অভিজ্ঞতাও নেই। তাঁরা কেবল মানুষের সেবাই করতে জানে।’
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কে বিজয়
সম্প্রতি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন থলপতি বিজয়। প্রতারণার অভিযোগ এনে দীর্ঘ সম্পর্কে ইতি টানতে চেয়েছেন বিজয়ের স্ত্রী। বিবাহবিচ্ছেদের মামলা করেছেন, সঙ্গীতা সোরনালিঙ্গম। আর এই খবর প্রকাশ্যে আসার পাশাপাশিই, শোনা গিয়েছে দক্ষিণের আরেক অভিনেত্রীর সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বিজয়ের।
কে এই নায়িকা? এই নায়িকা হলেন, তৃষা কৃষ্ণন। সম্প্রতি একসঙ্গে কাজ করেছেন বিজয় আর তৃষা। অভিযোগ, তৃষা আর বিজয় কাজের বাইরেও নাকি একসঙ্গে সময় কাটাতে বিদেশে গিয়েছিলেন। গোটা বিষয়টা বিজয়ের স্ত্রী জানতে পারার পরেই তিনি পদক্ষেপ নিয়েছেন। এই গুঞ্জন ছড়িয়ে পরার পর থেকেই নজরে তৃষা আর বিজয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয় বলেন, ‘সম্প্রতি আমায় যে যা যা কথা, যা যা গুঞ্জন চলছে, তাতে কান দেবেন না। ওই সমস্ত জিনিস ভেবে নিজের সময় নষ্ট করবেন না। আমি আমার ভাবনাটা ভাবতে পারি। তবে দুঃখ লাগে এখানেই যে, আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে যখন অনুরাগীরা দুঃখিত হন। আমি চাই তাঁরা কেবলমাত্র আমার কাজই দেখুন।’
