কলকাতা: এই ছবির শ্যুটিং হয়েছিল দীর্ঘদিন আগেই, তবে একাধিক কারণে মুক্তি পায়নি এটি। অবশেষে মুক্তি পাচ্ছে, পাভেলের পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee) ও ঋদ্ধি সেন (Riddhi Sen) অভিনীত সিনেমা, ‘ডাক্তারকাকু’। পরিচালনার পাশাপাশি, এই ছবিতে অভিনয় ও করেছেন পাভেল নিজে। সঠিক চিকিৎসা বর্তমান বাজারে কার্যত দুর্মূল্য, একটু ভাল চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামোর জন্য মানুষকে খরচ করতে হয় হাজার হাজার টাকা। অধিকাংশ সময়েই তা মধ্যবিত্তের হাতের বাইরে চলে যায়, অনেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পর্যন্ত পারেন না। সেই পরিস্থিতি নিয়েই তৈরি পাভেলের নতুন সিনেমা। প্রসেনজিৎ ও ঋদ্ধি ছাড়াও, এই সিনেমায় অভিনয় করেছেন, এনা সাহা।
প্রকাশ্যে ‘ডাক্তার কাকু’ প্রসেনজিতের প্রথম লুক
একদিকে চিকিৎসা ব্যবস্থা, তার আকাশছোঁয়া খরচ আর অন্যদিকে মানবিকতা, এই দুয়ের টানাপোড়েনে তৈরি হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন এই সিনেমা। আজ অভিনেতা শেয়ার করে নিয়েছেন, এই সিনেমায় তাঁর লুক। সেখানে দেখা যাচ্ছে তাঁর পরণে চিকিৎসকের পোশাক। সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অর্থ মূল্যবান…জীবন অমূল্য…দিন পিছোক (4th September থেকে 18th September )..কিন্তু দিন বদলাক….ডাক্তার কাকু আসছে!’ প্রথমে জানা গিয়েছিল, এই সিনেমা মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর। তবে দিন পিছিয়ে তা বর্তমানে ১৪ সেপ্টেম্বর হয়েছে। দীর্ঘদিন ধরেই এই ছবি নিয়ে চর্চা করছে, একাধিক কারণে সিনেমাটির শ্যুটিং শেষ হওয়ার পরে তা আটকে ছিল। অবশেষে আগামী মাসেই মুক্তি পাচ্ছে এই সিনেমা। এই ছবিতে ঋদ্ধি ও পাভেলকে দুই বন্ধুর চরিত্রে দেখা যাবে। প্রসেনজিৎ পুত্রের চরিত্রে দেখা যাবে ঋদ্ধিকে। ছবিতে ঋদ্ধির নাম হয়েছে, ‘পুশকিন’।
এই ছবির শ্যুটিং হয়েছিল ২০২২ সালে, অবশেষে ছবিটি ২০২৬ সালে মুক্তি পাচ্ছে। মেটাট্রন প্রযোজনা সংস্থার তরফ থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি, প্রযোজক হিসেবে প্রথম থেকেই এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন বনানী সাহা। অন্যরকম চরিত্রে প্রসেনজিৎ কতটা মনজয় করতে পারেন এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকেরা।
