পটনা: নতুন গাড়ি কিনেছেন। পকেটও খালি হয়েছে, উড়ে গিয়েছে ঘুমও। অনেক ভেবেচিন্তে শেষে সমাধান বেরোল। ক্রেন ভাড়া করে এনে SUV গাড়িকে ছাদে তুললেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও, যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। (SUV Car Lifted onto Roof)
বিহারের গোপালগঞ্জ থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার বাসিন্দা মনোজ যাদব কর্মসূত্রে ইজ়রায়েলে থাকেন। সম্প্রতি ছুটি কাটাতে এসে একটি Mahindra Scorpio Classic কিনেছিলেন তিনি। কিন্তু সেই গাড়িই ঘুম কেড়ে নিয়েছিল তাঁর। (Viral News)
ইজ়রায়েল ফিরে যাওয়ার আগে একজন ড্রাইভারও রেখেছিলেন মনোজ। ঠিক হয়েছিল, ওই ড্রাইভারের জিম্মাতেই থাকবে গাড়ি। কিন্তু সম্প্রতি চাকরি ছেড়ে দেন ওই ড্রাইভার। আর তাতেই গাড়ি নিয়ে বাড়ছিল উদ্বেগ। কখন চুরি হয়ে যায়, তা ভেবে ঘুম হচ্ছিল না।
SHOCKING 😳#Bihar : Due to fear of theft, a man who was going abroad for work got a crane to place his Scorpio car on the second floor of the house #IncredibleBihar pic.twitter.com/ReJIvpqx4S
— Amitabh Chaudhary (@MithilaWaaala) September 6, 2026
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার, নারীবিদ্বেষের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, বনধ ডাকলেন কর্মীরা
শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে উপায় বের করে ফেলেন লোকজন। ঠিক হয়, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে গাড়িকে। তবে গ্যারেজ বা অন্য কোথাও নয়, নিজেদেরই বাড়ির ছাদে গাড়িটিকে তুলে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরই ডেকে আনা হয় ক্রেন।
আরও পড়ুন: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
ক্রেন এনে ছাদে গাড়ি তোলার ঘটনা সচরাচর চোখে পড়ে না। ফলে ওই দৃশ্য দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছিল। ভিডিওয় দেখা যায়, ক্রেনের সঙ্গে বাঁধা হয়েছে গাড়িটিকে। ধীরে ধীরে মাটি থেকে তোলা হয় এর পর। বেশ খানিকটা উঠে যাওয়ার পরও ঘড়ির পেন্ডুলামের মতো ঝুলতে থাকে গাড়িটি। শেষ পর্যন্ত ছাদের নির্দিষ্ট জায়গায় নামানো হয়।
এভাবে গাড়ি ছাদের উপর তোলা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বাড়ির ছাদে গাড়ি রাখা যায় কি না, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। স্থানীয় প্রশাসনের তরফে যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
