নয়াদিল্লি : ‘পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব।’ একাধিক দাবি-দাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার পর সতর্কবার্তা দিয়ে রাখল ককরোচ জনতা পার্টি। ‘Cockroach is Back’-এর এক্স হ্যান্ডেলে মুখপাত্র আশুতোষ রাঙ্কার পোস্ট রি-পোস্ট করা হয়েছে। সংশ্লিষ্ট পোস্টে কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উদ্দেশে লেখা হয়েছে, ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ না নেওয়ার যে সমঝোতা হয়েছিল, তার সম্পূর্ণ লঙ্ঘন আমরা প্রত্যক্ষ করছি। বিহার ও বাংলায় শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং দিল্লি ও অন্যান্য রাজ্যেও বহু মানুষকে নজরদারির মুখে বা হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়া দিল্লিতে বিক্ষোভকারীদের রসদ ও অন্যান্য সহায়তা দেওয়া স্বেচ্ছাসেবকদের আটকে রাখার বিষয়েও একাধিক খবর পাওয়া যাচ্ছে।’
আরও লেখা হয়েছে, ‘আমরা দাবি জানাচ্ছি যে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর (FIR) অবিলম্বে প্রত্যাহার করতে হবে, শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা বিজেপি-শাসিত বা শরিকদল-শাসিত রাজ্যগুলির পুলিশকে ভবিষ্যতে আর কোনও এফআইআর দায়ের করা থেকে বিরত থাকতে হবে (আমাদের মধ্যেকার সমঝোতা অনুযায়ী), অন্যথায় আমরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব।’ তাতে আরও সংযোজন করা হয়, ‘আমরা আরও দাবি জানাচ্ছি যে, আইনি মামলা সংক্রান্ত বিষয়ে লিখিত চুক্তি আগামীকালকের মধ্যে আমাদের কাছে হস্তান্তর করা হয়।’
Dear @JPNadda @DrJitendraSingh ji,
We are observing a complete breach of the agreement regarding no police action against the protestors. Hundreds of students have been arrested in Bihar and Bengal, and hundreds are being surveilled/harrassed in Delhi and other states. Multiple…
— Ashutosh Ranka (@AshutoshRanka) July 27, 2026
সাফল্য পেয়েছে ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনের চাপেই শেষমেশ পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর ককরোচ জনতা পার্টি শনিবার তাদের আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে। তারপরই মধ্য দিল্লিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ জোশির উপর। এই পরিস্থিতিতে নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে বার্তা দিয়ে রেখেছে ককরোচ জনতা পার্টি। তাদের তরফে প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেছেন, “যুবসমাজ লক্ষ্য রাখছে।” পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে শিক্ষাব্যবস্থার সংস্কারে পাঁচ দফার দাবি বাস্তবায়নের আর্জি জানান। ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁসের ঘটনা না ঘটে তা প্রতিরোধ করার কথাও বলেন।
