টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ


কলকাতা: ঝমঝমিয়ে এক নাগাড়ে বৃষ্টি আর সেই টানা বৃষ্টিতেই জলমগ্ন শহর কলকাতা। বিকেলে এক থেকে দেড় ঘণ্টার দফায় দফায় বৃষ্টিতেই চারিদিকে জলযন্ত্রণার ছবি। জলে ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ। 

অফিস ফেরত সন্ধেতে দুর্ভোগে যাত্রীরা। কলেজ মোড়, ওয়েবেল মোড় হোক বা এসডিএফ সর্বত্রই তৈরি হয়েছে তীব্র যানজট। অত্যন্ত ধীরগতিতে একমুখী রাস্তাগুলিতেও যান চলাচল হচ্ছে। জমা জলের মধ্যে মিলছে না বাস, বাধ্য হয়েই অনেক অফিস ফেরত যাত্রী হাঁটা লাগিয়েছেন। সেক্টর ফাইভের বিভিন্ন অংশে একই ছবি। নাকাল হচ্ছেন সাধারণ অফিস ফেরত যাত্রীরা। সেক্টর ফাইভের কিছু অংশে তো হাঁটু জল জমে গিয়েছে।

কোথাও কোথাও এতটাই জল জমে গিয়েছে যে বাধ্য় হয়েই এক লেন দিয়েই পুলিশ প্রশাসনকে যান চলাচল করাতে হচ্ছে। চারিদিকে দুর্বিসহ পরিস্থিতি।
শুধু সেক্টর ফাইভ নয়, সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকা, নিকো পার্কের কিছুটা অংশসহ বিভিন্ন জায়গায় জল জমে গিয়ে। কলকাতা পুরসভার প্রশাসক পুর কমিশনার স্মিতা পাণ্ডে অবশ্য জানাচ্ছেন প্রশাসন পরিস্থিতি সামলাতে সক্ষম হয়েছে।

তাঁকে বলতে শোনা যায়, ‘বর্তমান পরিস্থিতি সামাল দিতে আমাদের সমস্ত পাম্পিং স্টেশন চালু রয়েছে। আমাদের জেট সাকশন মেশিন এলাকায় উপস্থিত রয়েছে। কন্ট্রোল রুম চালু রয়েছে। পুলিশকে কারুর তরফে কোনও অসুবিধার কথা জানানো হলে তারাও আমাদের জানাচ্ছেন। কলকাতায় বিভিন্ন জায়গায় এবার দেখা যাচ্ছে যে হঠাৎ করেই একটু বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে তা সত্ত্বেও আমরা পরিস্থিতি সামলে নিচ্ছি।’

এরই মাঝে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি মাঝেই বাজ পড়ে মৃত চার। বাঁকুড়ার রাইপুর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে চারজনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ, আতঙ্কে রাস্তায় স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ তো বটেই, আগামী শুক্রবার পর্যন্ত বাড়বে বৃষ্টির পরিমাণ, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। একাধিক ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও সংলগ্ন এলাকা, বীরভূম, মুর্শিদাবাদ, ২ বর্ধমানে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সারাদিনের জন্য। উত্তরবঙ্গেও জেলায় জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

রাজস্থানের বিকানের থেকে বিহারের পাটনা হয়ে মালদা ছুঁয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ রেখা। আর তার জেরেই বিস্তৃত অঞ্চলে চলছে বৃষ্টি।        



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *