দুর্গাপুর: দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ৩ জন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ। ব্লাড ব্যাঙ্কে (Blood Bank Scam) নিয়ে গিয়ে অভিভাবকদের না জানিয়ে, টাকার বিনিময়ে রক্ত নেওয়ার অভিযোগ। দুর্গাপুর থানার দ্বারস্থ অভিভাবকরা, তদন্তে পুলিশ।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, ‘সচেতনতার অভাব। চুরি দুইভাবে হয়। যারা বাড়ির লোক, তারা ওই ১৫ বছরের বাচ্চাদের রক্তদান করাল… এবার আমি তাদের বাড়ির লোকেদেরও ধরে আনতে বলব। একটি উপহারের প্রলোভনে যদি বাচ্চার জীবনটা নিয়ে এত বড় ঝুঁকি নিতে পারে, তাহলে আরেকটু বড় প্রলোভনে তো বাচ্চা বিক্রিও করতে দিতে পারে এরা।’
পরবর্তীতে তাঁকে জানানো হয় স্কুল থেকেই এই বাচ্চাদের রক্তদান করাতে নিয়ে যাওয়া হয়। তখন তিনি বলেন, ‘এখন প্রেশার কুকার গিফটের জন্য ১৫ বছরের বাচ্চাদের রক্তদান করিয়ে দিচ্ছে। এরপর গাড়ি গিফট দিলে তো গোটা পরিবারকেই এরা বিক্রি করে দিতে পারে। একটা কোথাও তো লক্ষ্মণরেখা টানতে হবে।’
রক্ত পাচার নিয়ে এমনিই উত্তাল রাজ্য, রাজনীতি। বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগে বন্ধ করে দেওয়া হল পিপলস ব্লাড ব্যাঙ্ক। স্বাস্থ্য দফতরের নির্দেশ, ইনহাউসও রক্ত সংগ্রহ করতে পারবে না বেসরকারি এই ব্লাড ব্যাঙ্ক। এর পাশাপাশি প্রয়োজনীয় নথি না থাকায় নন্দীগ্রামের ২৮টি ডায়গনাস্টিক সেন্টারকেও বন্ধের নোটিস ধরাল স্বাস্থ্য দফতর। কাটমানির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে কাটমানির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আর সেই দিনই, সরকারকে অন্ধকারে রেখে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগে বন্ধ করে দেওয়া হল পিপলস ব্লাড ব্যাঙ্ক। একইসঙ্গে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় বন্ধের নোটিস দেওয়া হল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ২৮টি ডায়গনাস্টিক সেন্টারকে।
ব্লাড ব্যাঙ্কগুলির ‘যথেচ্ছাচার’ বন্ধ করতে কড়া পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ভবন। সরকারি, বেসরকারি মিলিয়ে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাঙ্কের বাল্ক ট্রান্সফার নিয়ে জারি করা পুরনো গাইডলাইনের কথাও আরেকবার মনে করিয়ে দিল স্বাস্থ্য ভবন। কে পাঠাচ্ছে রক্ত? কত ইউনিট পাঠানো হচ্ছে? কোন গ্রুপের রক্ত? কত ইউনিট যাচ্ছে? এই সংক্রান্ত সমস্ত তথ্য অন্তত সাত দিন আগে জানিয়ে অনুমতি নিতে হবে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে। বাল্ক ট্রান্সফারের অন্তত ৭ দিন আগে তথ্য জমা দিতে হবে, রক্ত-প্লাজমা বিক্রি ঘিরে সাফ বার্তা দিয়েছে স্বাস্থ্য ভবন।
