নিউ জার্সি: বিশ্বকাপের ইতিহাসে এ জিনিস আগে কখনও দেখা যায়নি। যা হচ্ছে এবারের বিশ্বকাপে।
প্রত্যেক ম্যাচে দুই অর্ধের খেলায় দুবার ম্যাচ বন্ধ রাখা হচ্ছে তিন মিনিট করে। সেই সময়ে জলপান করছেন ফুটবলাররা। ফিফা এই বিরতির নামকরণ করেছে ‘হাইড্রেশন ব্রেক’। যদিও এ নিয়ে বিতর্কও রয়েছে। অনেকেই ফিফার এই নতুন নিয়মের কড়া সমালোচনা করছেন। বলা হচ্ছে, এতে খেলার ছন্দ নষ্ট হচ্ছে। এ-ও বলাবলি হচ্ছে যে, এই ব্রেকের ফলে বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে ছোট দলগুলি। সমস্যায় পড়ছে শক্তিশালী দেশগুলি।
গত বছর ডিসেম্বর মাসে ফিফা ঘোষণা করে যে, এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচই দুই অর্ধে তিন মিনিট করে দুবার বন্ধ রাখা হবে হাইড্রেশন ব্রেকের জন্য। কারণ, ৪৮ দলের টুর্নামেন্ট চলাকালীন তাপমাত্রার পারদ বেশ চড়া থাকবে। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর গরমে ফুটবলাররা যাতে কাহিল না হয়ে পড়েন, সেই কারণেই এই বন্দোবস্ত। ফিফা জানিয়েছে, সব দলের কোচ ও সম্প্রচারকারী সংস্থার সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে, ব্যবসায়িক স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। কারণ, ৩ মিনিট করে মোট ৬ মিনিট বিজ্ঞাপনের স্লট হিসাবে ব্যবহার করছে সম্প্রচারকারী চ্যামেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলি। এতে বিশাল অঙ্কের উপার্জন বেড়েছে ফিফার।