কলকাতা: জাতীয় পুরস্কার (Nationam Award) উঠলে যাদের হাতে, এই সম্মানের গুরুত্ব বুঝতে তাঁদের আরও অনেকগুলো বছর সময় লেগে যাবে। সৌরভ পালোধি (Sourav Palidhi) পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির হাত ধরে, বাংলায় এসেছে জাতীয় পুরস্কার। ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী যুগ্মভাবে পেয়েছে সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কার। ৩ খুদের এই সাফল্যে ভাসছে সোশ্যাল মিডিয়া। রানা সরকার (Rana Sarkar) প্রযোজিত এই সিনেমা, দর্শকদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল, প্রশংসিত হয়েছিল। ব্যবসা ও করেছিল বক্সঅফিসে। আর সেই ছবিই এবার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এনে দিল, জাতীয় পুরস্কার।
জাতীয় পুরস্কার আনল ৩ খুদে, আনন্দে ভাসছে টলিউড
সোশ্যাল মিডিয়ায়, এই ৩ খুদের সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে, পরিচালক সৌরভ পালোধি লিখেছেন, অঙ্ক কি কঠিন – এর দেশ জয়। ওদের জন্য অফুরান ভালোবাসা। তিন জনেরই স্কুলের ব্যাগে এখন বই খাতার সাথে জমা হলো একটা করে জাতীয় পুরষ্কার। গোটা ‘অঙ্ক কি কঠিন’ পরিবারকে ধন্যবাদ। ধন্যবাদ রানা সরকার।’ সোশ্যাল মিডিয়ায় সৌরভের এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই ৩ উঠতি প্রতিভাকে। সোশ্যাল মিডিয়ায় রানা সরকার ৩ খুদে শিল্পীর ছবি শেয়ার করে লিখেছেন, ‘বাচ্চা পার্টির দেশ জয়। ভারত সেরা শিশু শিল্পীর জাতীয় পুরস্কার এবার বাংলা সিনেমায়। অভিনন্দন ঋদ্ধিমান, তপোময় ও গীতশ্রী। অভিনন্দন ‘অঙ্ক কি কঠিন’ টিম।
তবে বাংলার ঝুলিতে এসেছে, আরও একটি জাতীয় পুরস্কার। অঞ্জন দত্ত পরিচালিত, ‘চালচিত্র এখন’ ছবিটি সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে। সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অঞ্জন দত্তকে আন্তরিক অভিনন্দন ‘চালচিত্র এখন’ ছবির জন্য সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার জেতায়। আর সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’-এর তিন ছোট্ট জাদুকর—ঋদ্ধিমান, তপোময় ও গীতশ্রীকে যৌথভাবে সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালোবাসা ও অভিনন্দন। ওদের সহজ, নিষ্পাপ অভিনয় আজ দেশের সর্বোচ্চ স্বীকৃতি পেল।’
শুধু প্রসেনজিৎ নন, গোটা টলিউডই এই ৩ খুদের সাফল্যের আনন্দ যেন নিজেদের গায়ে মেখে নিয়েছেন। যেখানে বাংলা ছবিতে নতুন দর্শক তৈরি হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায় অনেক শিল্পীকেই, সেই জায়গা থেকে এই ৩ খুদে শিল্পীর সাফল্য আশার আলো দেখাচ্ছে টলিউডের আগামী প্রজন্মকে।
আরও পড়ুন: Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
