NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’


নয়া দিল্লি: দেশজুড়ে চলা CJP-র ছাত্র আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড সুপারস্টার সলমন খান। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি ছাত্রদের প্রতি সমর্থন জানিয়েছেন। পেপার লিককে “অত্যন্ত গুরুতর সমস্যা” বলে উল্লেখ করে অভিনেতা বলেছেন, এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, এটিকে কোনওভাবেই রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়।        

‘ছাত্রদের জন্য আমার মন কাঁদছে’

সলমন খান তাঁর পোস্টে লেখেন, শুরুতে আন্দোলনটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। কিন্তু পরে তা হিংসাত্মক মোড় নেওয়ায় তিনি দুঃখিত। আন্দোলনে আহত ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাঁদের জন্য তাঁর মন কাঁদছে। 

অভিনেতার মতে, পেপার লিকের মতো ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার উপর বড় আঘাত। তাই এই সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান হওয়া প্রয়োজন।

ছাত্রদের সাহস ও ঐক্যের প্রশংসা

সলমন তাঁর পোস্টে ছাত্রদের প্রশংসা করে বলেন, দেশের তরুণ প্রজন্ম উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে একজোট হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। তিনি অভিভাবকদেরও ধন্যবাদ জানান, কারণ তাঁরা সন্তানদের পাশে দাঁড়িয়েছেন।

অভিনেতার কথায়, এই প্রজন্মের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ গড়বে। তাঁদের অধ্যবসায়, নিষ্ঠা এবং শিক্ষার প্রতি আগ্রহ ভারতের জন্য গর্বের বিষয়। শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের এই প্রচেষ্টা অন্যদের কাছেও উদাহরণ হয়ে থাকবে।

রাজনীতি থেকে দূরে রাখার বার্তা

নিজের পোস্টে সলমন স্পষ্টভাবে জানান, এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। তাঁর মতে, এটি ছাত্রছাত্রীদের এবং শিক্ষা ব্যবস্থার বিষয়। আন্দোলনের কৃতিত্বও শুধুমাত্র ছাত্রদেরই প্রাপ্য।

তিনি আশাবাদী যে সরকারও ছাত্রদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবে। এতে ছাত্র, সরকার এবং দেশের শিক্ষাক্ষেত্র— সকলেরই লাভ হবে বলে মন্তব্য করেন তিনি।

ভারতকে শিক্ষা ক্ষেত্রে বিশ্বমানের কেন্দ্র হিসেবে দেখতে চান

সলমন খান তাঁর বার্তার শেষে একটি বড় স্বপ্নের কথাও তুলে ধরেন। তাঁর মতে, শিক্ষা এমন একটি বিষয় হয়ে উঠুক যা নতুন প্রজন্মের কাছে সবচেয়ে বড় ট্রেন্ড। ভবিষ্যতে এমন দিন আসুক, যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা ভারতে পড়াশোনা করতে আসবে এবং ভারত আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সলমনের পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন। এর মধ্যেই আরও একাধিক অভিনেতা, পরিচালক ও সংগীতশিল্পীও ছাত্রদের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *