
আর মাত্র তিন দিনের অপেক্ষা। তারপরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। এই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার দিনটি অন্যবারের থেকে আলাদা। কেন ?

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি জানিয়েছিলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালিত হবে এবং ওই দিনই যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।

গত ৭ সেপ্টেম্বর নবান্নয় একটি সাংবাদিক বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হবে।

যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম লেখাতে পারেননি বা অন্য সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাঁরা আবারও আবেদন করার সুযোগ পাবেন। সরকার আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে পুনরায় ‘জনকল্যাণ শিবির’ আয়োজন করবে, যেখানে অন্নপূর্ণা যোজনাসহ অন্যান্য সরকারি প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, ‘আপনার সরকার আপনার পাশে’ উদ্যোগের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নাম লেখানো হবে। মুখ্য সচিবের সিদ্ধান্তে গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে দুই দিনব্যাপী এই শিবির অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা (ওল্ড এজ পেনশন) বা অন্য সুবিধা থেকে রাজনৈতিক বা অন্য নানা কারণে যাঁরা বঞ্চিত হয়েছেন, এই শিবিরের মাধ্যমে নতুন আবেদনের ভিত্তিতে তাঁদের পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হবে।

২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য এই অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে এবং আগস্ট মাসেই ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ওই দিনটিতে টাকা ট্রান্সফার করার পাশাপাশি রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করবে।

যেসব বিশেষ চাহিদাসম্পন্ন মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, তাঁরা মাসিক দেড় হাজার (১৫০০) টাকা ভাতা এবং ৩ হাজার (৩০০০) টাকা অন্নপূর্ণা যোজনার সাহায্য—সব মিলিয়ে প্রতি মাসে মোট সাড়ে ৪ হাজার (৪৫০০) টাকা পেতে পারেন।

তৃণমূলের শাসনকালের লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ দেড় হাজার, বিজেপির হাতে একলাফে বেড়ে দ্বিগুণ হয়েছে ।
Published at : 14 Sep 2026 03:29 PM (IST)
