কলকাতা : আবার কলকাতার এক নামকরা স্কুলে পড়ুয়াকে সাপের কামড়। ঠিক কয়েকদিন আগেই কলকাতার হেরিটেজ স্কুলে এক ছাত্রীকে সাপে কামড়ে ছিল। এবার সোমবার সকালে একেবারে ক্লাসরুমেই সাপে কামড়াল এক পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে। প্রথম শ্রেণির ওই পড়ুয়াকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। SSKM হাসপাতালে চিকিৎসা চলছে তার। এখন সে অনেকটাই সুস্থ বলেই জানা গিয়েছে স্কুলের তরফে। কীভাবে এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখছে স্কুল।
শেষ পাওয়া খবর অনুসারে, এখনও সাপটিকে ধরা যায়নি। স্কুলে পৌঁছেছে বল দফতরের কর্মীরা। তাঁরা সাপটিকে ধরতে পারেননি এখনও, খবর তেমনটাই। মনে করা হচ্ছে, চন্দ্রবোড়া সাপের কামড়ে এই বিপত্তি ঘটে থাকতে পারে। কিন্তু এত বিষাক্ত সাপ, স্কুলে কীভাবে এল, তাই ভেবেই আতঙ্কে অভিভাবকরা। তাহলে কি স্কুলে ঠিক মতো সাফাই হত না? ছিল না নজরদারি ? উঠছে প্রশ্ন। অভিভাবকরাও আতঙ্কে।
এই ঘটনা মনে পড়িে দিচ্ছে গত সপ্তাহে ঘটে যাওয়া হেরিটেজ স্কুলের একটি ঘটনা। সেদিন, কলকাতার হেরিটেজ স্কুলের শৌচাগারেই এক ছাত্রীকে সাপে কামড়ায়। তৃতীয় শ্রেণিতে পাঠরত ওই ছাত্রী হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর বুধবার স্কুল বন্ধ রাখা হয়। অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, পড়ুয়াদের নিরাপদে রাখতে যা যা করা দরকার, তারা তা করছেন। আগামীতে পড়ুয়াদের নিরাপত্তা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ তারা।
Bhawanipur News : স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
