
কোথাও অল্প, কোথাও আবার মাঝারি বা ভারি, উত্তর থেকে দক্ষিণ, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে সপ্তাহের শুরুতেই নতুন করে আবার ঘনাচ্ছে নিম্নচাপ। আর এর ফলে বড় পরিবর্তন হবে আবহাওয়ার।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় আজ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা ও হাওয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে।

২৬ অগাস্ট দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের তরফ থেকে লাল বা হলুদ, কোনও সতর্কতাই জারি করা হয়নি।

২৮ অগাস্ট ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

৩০ অগাস্ট, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে বেড়েছে জনজীবন ব্যহত হওয়ার আশঙ্কাও।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে চোখ রাখলে, আবহাওয়া দফতর বলছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হলুদ সতর্কতা জারি রয়েছে বৃষ্টির জন্য। সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়াও।

আগামীকালও দার্জিলিং জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে, জারি করা হয়েছে হলদু সতর্কতা। টানা বৃষ্টির জেরে একাধিক পাহাড়ি জায়গায় ধসের আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে, টানা বৃষ্টিতে একেবারেই অচেনা ছবি বারাণসীতে। এই শহরকে বলা হয়, ঘাটের শহর, গঙ্গা যেন আষ্টেপিষ্টে বেঁধে রয়েছে এই শহরকে। রোজ সারাদিন নৌকার আনাগোনা, ঘাটে কত মানুষের হাঁটাচলা, দোকান থেকে শুরু করে সন্ধ্যারতি… গোটা শহরের প্রাণকেন্দ্র যেন এই ঘাটগুলিই। কিন্তু অতিবৃষ্টির প্রভাবে বিপজ্জনকভাবে বাড়ছে বারাণসীর গঙ্গার জল। যে সাম্প্রতিক ছবি প্রকাশ্যে আসছে, সেখানে নদীর ধারের যে সমস্ত ঘাটগুলি রয়েছে, তার অধিকাংশই চলে গিয়েছে জলের তলায়। পবিত্র দশাশ্বমেধ ঘাটের জল এখন ঘাট ছাপিয়ে সামনের রাস্তায়। সিঁড়ি দিয়ে না নেমেও চলছে পুণ্য স্নান। এরমধ্যেই জলস্তর প্রতি ঘণ্টায় ২ সেন্টিমিটার হারে বাড়ছে। জল বেড়ে প্রায় ৬৫ মিটার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুতেই । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতাও রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
Published at : 24 Aug 2026 02:53 PM (IST)
