Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী


নয়াদিল্লি: নতুন কেনা আইফোন ১৮ প্রো ছিনতাই হয়ে গেল তরুণীর। মোটর সাইকেলে চেপে এসে ফোন ছিনিয়ে নিয়ে গেল দুই দুষ্কৃতী। তবে সটান এসে ফোন ছিনতাই করেনি তারা। প্রথমে তরুণীর সঙ্গে আলাপ জমায়। নতুন আইফোন কিনেছেন কি না, জানতে চায় তারা। এর পরই ফোন ছিনিয়ে বেরিয়ে যায়। (iPhone 18 Pro Snatched)

গ্রেটার নয়ডা থেকে এই ঘটনা সামনে এসেছে। ই-রিকশায় চেপে অফিস যাচ্ছিলেন শুভী ভন্ডারী নামের ওই তরুণী। অনলাইন পেমেন্ট করতে নতুন কেনা আইফোন ১৮ প্রো ফোনটি বের করেন। সেই সময়ই মোটর সাইকেলে চেপে পিছন থেকে এগিয়ে আসে হেলমেট পরিহিত দুই যুবক। (Newly Bought iPhone Snatched)

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত

শুভী জানিয়েছেন, প্রথমে তাঁর ঠিকানা জানতে চায় ওই দুই যুবক। এর পর তাঁর হাতে থাকা ফোনের দিকে নজর যায় তাদের। জানতে চায়, আইফোনের নতুন মডেল কি সেটি? তিনি হ্যাঁ বলায় আর দেরি করেনি তারা। হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে চম্পট দেয়। 

শুভীর স্বামী সাকেত গুপ্ত জানিয়েছেন, মাত্র তিন দিন আগেই ওই তরুণী নতুন আইফোন ১৮ প্রো ফোনটি কিনেছিলেন। একধাক্কায় অনেকটা টাকা বেরিয়ে গিয়েছিল তাতে। কিন্তু সেই ফোন ব্যবহারই করা হল না শুভীর। গোটা ঘটনায় উদ্বিগ্ন শুভীর পরিবারও। যেভাবে খাতির জমিয়ে ফোনটি ছিনিয়ে নেওয়া হয়, তাতে আতঙ্কিত তাঁরা। 

আরও পড়ুন: LIC-র টাকা নিয়েও জালিয়াতি! অনিল আম্বানির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, এফআইআর দায়ের

ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন শুভী। এলাকার রাস্তায় পুলিশের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর পরিবারের লোকজন। তাঁদের বক্তব্য, সকাল হোক বা সন্ধেয়, রাস্তাঘাটে পুলিশ থাকে না। সেই কারণেই অপরাধ বেড়ে চলেছে।

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদও চলছে এই মুহূর্তে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ভারতের বাজারে নতুন iPhone 18 Pro মডেলটির দাম শুরু ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা থেকে। সর্বোচ্চ ৩ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা দাম। এত মহার্ঘ হওয়া সত্ত্বেও আইফোন কিনতে রীতিমতো হুড়োহুড়ি চোখে পড়ছে। যদিও অত টাকা দিয়ে ফোন কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *