নয়াদিল্লি: বিসলেরির পানীয় জলকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। তাদের জলে ক্যান্সারের উপাদান রয়েছে বলে দাবি খাদ্য নিয়ন্ত্রক সংস্থা FSSAI-এর। সেই নিয়ে তোলপাড়ের মধ্যে এবার মুখ খুলল প্যাকেটজাত পানীয় জলের ওই সংস্থা। বিসলেরির দাবি, তাদের জল সম্পূর্ণ নিরাপদ। যে অতিরিক্ত ব্রোমেটের কথা বলা হয়েছিল, তা নিয়ে আলাদা ভাবে নমুনা পরীক্ষা করিয়েছে তারা, যাতে দেখা গিয়েছে, ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। (Bisleri Water Row)
FSSAI-এর প্রশ্নের মুখে পড়ে বিবৃতি জারি করেছে বিসলেরি। তাদের বক্তব্য, ‘পানীয় জলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় বিসলেরি। ৯০টি পরীক্ষা, ১০টি উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে গুণমানের উপর নিয়ন্ত্রণ বজায় রাখি আমরা। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে FSSAI-কে সবরকম সহযোগিতা করব। বহু বছর ধরে নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে বিসলেরি। বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে নিজেকে। বিসলারি সম্পূর্ণ নিরাপদ’। (FSSAI on Bisleri Water)
https://t.co/qOBmfxcYj9
— BisleriZone (@BisleriZone) November 23, 2026
আরও পড়ুন: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য় ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
বিসলেরি জানিয়েছে, ১৪ মাস আগে বিষয়টির সূত্রপাত। গোটা দেশে তাদের ১৪৩টি উৎপাদনকেন্দ্র চালু রয়েছে। গোয়ায় যে উৎপাদনকেন্দ্র রয়েছে, সেপ্টেম্বর মাসে সেখানে উৎপাদিত একটি ব্যাচের জলের সঙ্গে সম্পর্কিত বিষয়টি। এখনও FSSAI-এর কাছ থেকে তাদের কাছে কোনও নোটিস আসেনি।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, ২০২৫ সালের ২৩০ সেপ্টেম্বর গোয়ার উৎপাদনকেন্দ্র থেকে জলের ছয়টি নমুনা সংগ্রহ করে FSSAI. প্রাথমিক পরীক্ষায় ছয়টির মধ্যে পাঁচটি নমুনা গুণমানের পরীক্ষায় উতরে যায়। ষষ্ঠতম নমুনাটিতে ব্রোমেটের মাত্রা লিটারে ১২ মাইক্রোগ্রাম বলে জানানো হয়, নির্ধারিত মাত্রা যেখানে লিটারে ১০ মাইক্রোগ্রাম। ব্রোমেট একটি রাসায়নিক পদার্থ, যা জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। সেই নিয়ে ২২ নভেম্বর বিসলেরির তরফে আবেদন জানানো হলে, ওই নমুনা পুনরায় পরীক্ষার জন্য পাঠায় FSSAI, যাতে দেখা যায় ষষ্ঠ নমুনাটিতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। তবে পৃথক ভাবে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা PAH শনাক্ত হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
PAH এক ধরনের জৈব যৌগ, যাকে পরিবেশের জন্য ক্ষতিকারক মনে করা হয়। শরীরে প্রবেশ করলে কোষের DNA ক্ষতিগ্রস্ত হতে পারে, ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বিসলেরি জানিয়েছে, পরীক্ষায় পৃথক পৃথক ফল নিয়ে সংশয় ছিল তাদের। নিশ্চিন্ত হতে তাই ওই একই নমুনা স্বাধীন ভাবে FSSAI অনুমোদিত অন্য একটি গবেষণাগারে পাঠানো হয়। সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়। এর পর ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি, একটি চিঠি-সহ স্বাধীন ভাবে করানো পরীক্ষার ফলাফল FSSAI-কে পাঠায় তারা। পশ্চিম ভারতে FSSAI-এর আঞ্চলিক দফতরে সেগুলি পাঠানো হয়। কিন্তু তার পর থেকে আর FSSAI-এর তরফে যোগাযোগ করা হয়নি, কিছু জানানো হয়নি বলে অভিযোগ বিসলেরির। তাদের দাবি, কোনও উত্তর না আসায় বিষয়টির নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে ধরে নিয়েছিল তারা। সেই আবহেই এই ঘটনা। তবে এখনও পর্যন্ত তাদের হাতে কোনও নোটিস এসে পৌঁছয়নি, FSSAI-এর ওয়েবসাইটে গিয়েও মেলেনি নোটিস।
বিসলেরির প্রতিক্রিয়া নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি FSSAI. তবে রবিবারই বিসলেরির বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি পেয়েছে তারা। সবমিলিয়ে বিতর্ক চরমে।
