উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: শনিবার ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রতীকে সদ্য় নির্বাচিত অভয়ার মা। নতুন সরকারের পথ চলা শুরুর দিনে, তাঁর মুখে ফের শোনা গেল বিচারের দাবি। শনিবার বিচারের দাবি নিয়ে ব্রিগেডে এসেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশও। শপথগ্রহণ অনুষ্ঠানেও যাঁদের চোখে দিন ও পরিস্থিতি বদলের স্বপ্ন।
পানিহাটি থেকে জয়ী বিজেপি প্রার্থী, অভয়ার মা রত্না দেবনাথ বলেছেন, ‘শুধু মেয়ের ন্যায়বিচার এবং সরকার যেভাবে চলতে বলবে, আমি সেভাবেই চলব।’
বিচার চাইছেন এক মা। যিনি একমাত্র সন্তানকে হারিয়েছেন। বিচার চাইছে অসংখ্য় ছেলে-মেয়ে। যাদের রুজি-রুটি এখনও অনিশ্চিত। এক SLST চাকরিপ্রার্থী বলেছেন, ‘আমরা চাই এই নতুন সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সমস্ত ওয়েটিংদের যাতে নিয়োগ করা হয়। নিয়োগ হলে আমরা এবং আমাদের পরিবারগুলো অনেক শান্তিতে থাকতে পারবে।’
শনিবার ব্রিগেডে শপথ নিল এ রাজ্য়ের প্রথম বিজেপি সরকার। এই সরকারের কাছে বহু মানুষেরই অনেক প্রত্য়াশা রয়েছে।
যেমন বিজেপিরই পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। যাঁর আরেক পরিচয়, তিনি অভয়ার মা।
২০২৪ সালের অগাস্টে ভয়াবহ ঘটনায় মেয়েকে হারিয়েছেন। তাঁদের দাবি, এখনও বহু প্রশ্নের উত্তর তাঁরা পাননি। এবার বিজেপির প্রতীকে পানিহাটি থেকে জিতে এসেছেন। শনিবার ব্রিগেডের শপথগ্রহণের অনুষ্ঠানে দাঁড়িয়েও অভয়ার মায়ের একটাই দাবি। মেয়ের বিচার।
রত্না দেবনাথ বলছেন, ‘আমার কিছু চাওয়ার নেই। শুধু মেয়ের ন্যায়বিচার এবং সরকার যেভাবে চলতে বলবে, আমি সেভাবেই চলব।’
নতুন সরকারের প্রতি কোনও পরামর্শ? আপনি তো বিধায়ক? এবিপি আনন্দকে রত্না দেবনাথ বলেছেন, ‘নতুন সরকারের উপর আমার আস্থা আছে এবং তাঁকে তো বলেছি, আমার মেয়ের ন্যায়বিচার আনতে হবে। এবং আমি কথা দিয়েছি সারা পানিহাটিবাসীকে, আমি ভাল রাখব। মেয়েদের সুরক্ষিত রাখব। সেদিকেই আমি চলব।’
এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দাঁড়িয়ে, এত মানুষের মধ্য়ে মেয়েটার কথা বড্ড মনে পড়ছিল মায়ের। এই প্রথম ব্রিগেডে আসা।
বলছিলেন, ‘সবসময় যেটা হয়, মেয়েকে ভীষণভাবে মিস করি সবসময়। আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি। এই যে ব্যথাটা, অনুভূতিটা, এটা সবসময় থাকে এখনও আছে।’
অভয়ার মায়ের মতো বিচার চাইছেন চাকরিহারারাও। তৃণমূল সরকারের জমানায় হওয়া দুর্নীতির মাসুল গুনতে হয়েছে তাঁদের। অযোগ্য়দের দুর্নীতির জেরে চাকরি হারাতে হয়েছে যোগ্য়দেরও। পথে বসেছে অসংখ্য় পরিবার। শনিবার ব্রিগেডে এসেছিলেন বহু চাকরিপ্রার্থী। যাঁদের ভবিষ্য়ত আজও অনিশ্চিত।
শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন চাকরিপ্রার্থীরাও। ২০২৫ SLST-র চাকরিপ্রার্থীরা ওয়েটিংলিস্টে রয়েছেন তাঁরা এসেছেন। এক SLST চাকরিপ্রার্থী বলেছেন, ‘যেহেতু রাজ্যে ১০ বছর কোনও SSC ছিল না। ১০ বছর পর SSC হয়েছে। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই নিবেদন, আপ-টু-ডেট সিট বাড়িয়ে সবার চাকরি সুনিশ্চিত করা হোক।’
আর এক SLST চাকরিপ্রার্থী বলেছেন, ‘আমরা ওয়েটিং ক্যান্ডিডেট। আমাদের ওয়েটিংয়ের আপ-টু-ডেট ভ্যাকান্সিতে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের চাকরি সুনিশ্চিত করলে আমরা বাধিত থাকব।’
অনেক মানুষ, অনেক আশা। সেসব সঙ্গে নিয়েই পথ চলা শুরু করল বিজেপির নতুন সরকার।
