কলকাতা: তার ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি। তার প্রতিভা সকলকে চমকে দিয়েছে। সেই বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সময়ের সঙ্গে বর্তমান ক্রিকেটের তুলনা করে সৌরভ বলেন, ‘ক্রিকেট পাল্টে গিয়েছে। অনেক পাল্টে গিয়েছে। আমরা বড় হয়েছি টেস্ট ক্রিকেট খেলে। আমাদের সময়, তোমার সময়ে, তুমি টেস্ট ক্রিকেট দেখে টেস্ট ক্রিকটের ফ্যান হয়ে বড় হয়েছ। গাভাসকর, কপিল দেব, সোবার্স… সোবার্স মারা গিয়েছেন বলে আমরা একটা ছোট্ট সেরেমনি করেছিলাম। কালিস, তেন্ডুলকর এরা সব টেস্ট ক্রিকেটের প্রোডাক্ট। টেস্ট ক্রিকেট এখনও আছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শেষ ১০ বছর ধরে আইপিএল, টি-২০ ক্রিকেট অনেক এগিয়ে এসেছে। টেস্ট ক্রিকেট তো ক্রিকেটের রিয়েল টেস্ট। বড় প্লেয়ার, প্লেয়ার। আমার পুরো কেরিয়ারে কোনও আন্তর্জাতিক টি-২০ খেলিনি। কারণ তখন ছিলই না। এতদিনের কেরিয়ার… প্রায় ৪৫০ ম্যাচ খেলেছি ভারতের হয়ে। এ জিনিস ছিলই না। ক্রিকেট পাল্টেছে।’
আরও পড়ুন:- বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ আশাবাদী যে বৈভবের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সে ভারতীয় ক্রিকেটার হিসাবে সাফল্য পাবেই। ‘বৈভব সূর্যবংশীকে দেখছি, ১৫ বছর বয়সে কোথায় কোথায় মারছে টি-২০ ক্রিকেটে। সচিন ১৫ বছর বয়সে খেলেছে। নিজেকে ধরে কোথায় নিয়ে গিয়েছে। আমরাও খেলেছি ১৫, ১৬, ১৭। কিন্তু একে দেখে মনে হয় এ পারবে। কারণ বাচ্চা ছেলে। মুখে এখনও ইনোসেন্সটা আছে। মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে। অসাধারণ প্রতিভা। ১৫ বছর বয়সে এমন প্রতিভা খুব কম দেখা যায়। বাকি ওর হাতে। ও নিজেকে যেভাবে চালাবে, সেভাবেই ওর জীবন হবে। আমরা একটা জায়গা অবধি ওকে নিয়ে যেতে পারব। কিন্তু আল্টিমেটলি খেলতে ওকেই হবে। ওই রোপটা পেরিয়ে গেলেই নিজে খেলবে। এই ছোট্ট কেরিয়ারে প্রচুর ছাপ ফেলেছে। আশা করি ভবিষ্যতে ভারতের হয়ে আরও ফর্ম্যাটে খেলবে। ৫০ ওভার, টেস্ট। আরও পারফর্ম করবে। দলীপ ট্রফিতে ইস্ট জোন টিমে রয়েছে। দলের ভাইস ক্যাপ্টেন। ১৫ বছর পর ইস্ট জোন দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হবে। বৈভব সূর্যবংশী ১৫ বছর বয়সে কিন্তু পূর্বাঞ্চলের ভাইস ক্যাপ্টেন। সুতরাং, ভারতীয় ক্রিকেট সব সময় শক্তিশালী থাকবে।’ দাবি প্রাক্তন ভারতীয় অধিনায়কের।
