- গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে প্রতারণা, ওটিপি চুরি করে জালিয়াতি হচ্ছে।
- ভুয়ো লিঙ্ক বা ফোন করে কেওয়াইসি আপডেট করিয়ে নেয় প্রতারকরা।
- কাজের অছিলায় ওটিপি বা ডিটেইলস চেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছে।
- প্রতারিত হলে দ্রুত ১৯৩০ নম্বরে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
Gas Cylinder Delivery Scam : গ্যাসের ডেলিভারি (LPG Delivery Scam) নিয়েও শুরু হয়ে গেল প্রতারণা চক্র। OTP নিয়ে বড় জালিয়াতি শুরু করেছে প্রতারকরা। একবার ফাঁদে পা দিলেই সর্বস্বান্ত হবেন আপনি। সব টাকা নিমেষে উধাও হবে অ্যাকাউন্ট থেকে। জানুন, কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন আপনি।
সতর্ক করছে তেল কোম্পানিগুলি
সম্প্রতি এলপিজি গ্রাহকদের কাছে ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) পাঠাচ্ছে ডেলিভারি বয়রা। মূলত, রান্নার গ্যাসের সিলিন্ডারে কালোবাজারি রোধেই এই প্রক্রিয়া শুরু করেছে কোম্পানি। যদিও ভাল উদ্দেশ্যে করা এই কাজই কাল হয়েছে সরকারের। কারণ, এই ওটিপি হাতিয়েই গ্রাহকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে জালিয়াতরা। যে কারণে রান্নার গ্যাসের গ্রাহকদের সতর্ক করতে এবার কড়া বার্তা দিল ইন্ডিয়ান অয়েল (IOCL), এইচপি (HPCL) ও ভারত পেট্রোলিয়াম (BPCL)।
কীভাবে কাজ করছে এই প্রতারণাচক্র ?
তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতারকরা মূলত তিনটি ধাপে আপনার ক্ষতি করতে পারে:
১ ভুয়ো মেসেজেই রয়েছে বার্তা : তেল সংস্থাগুলির জানিয়েছে, আপনার ফোনে হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এর মাধ্যমে ভুয়ো লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা। যেখানে বলা হচ্ছে, আপনার কেওয়াইসি (KYC) আপডেট করা প্রয়োজন।
২ আপনাকে ভয় দেখাবে জালিয়াতরা : এই পর্বে অনেক সময় প্রতারকরা গ্যাস এজেন্সির আধিকারিক সেজে আপনাকে ফোন করবে। তারা বলবে, আপনার আধার লিঙ্ক করা নেই অথবা কেওয়াইসি পেন্ডিং রয়েছে, তাই দ্রুত আপডেট না করলে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরপরই লিঙ্ক পাটাবে তারা।
৩ এখন করছে ওটিপি চুরি : এই আপডেট বা কানেকশন বাঁচানোর অছিলায় তারা আপনার কাছে আসা ওটিপি (OTP) বা ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) জানতে চায়। একবার এই কোড হাতে পেলেই তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে।
এই প্রতারণা থেকে বাঁচতে তেল সংস্থাগুলি দিচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শ
HPCL (এইচপি গ্যাস) : তেল সংস্থা জানিয়েছে, অফিসিয়াল মেসেজ শুধুমাত্র ‘VM-HPGASC-S’ নামেই আসবে। ডেলিভারির সময় ৪ সংখ্যার ওটিপি লাগে। তবে ফোনের মাধ্যমে বা কোনও লিঙ্কে ক্লিক করে ওটিপি শেয়ার করতে বারণ করা হয়েছে।
Indian Oil (ইন্ডেন) : সিলিন্ডার আপনার দরজায় পৌঁছালে তবেই ৬ সংখ্যার DAC কোড ডেলিভারি ম্যানকে দিন। তার আগে কাউকে ফোনে এই কোড দেবেন না।
BPCL (ভারত গ্যাস) : একটা বিষয় মাথায় রাখবেন, ওটিপি শুধুমাত্র ডেলিভারির সময়েই প্রযোজ্য, অন্য কোনও ক্ষেত্রে নয়।
কীভাবে নিজেকে এই ফাঁদ থেকে সুরক্ষিত রাখবেন
প্রতারণা এড়াতে তেল সংস্থাগুলি কেবলমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছে:
IndianOil ONE
HP Pay
Hello BPCL
মনে রাখবেন: হোয়াটসঅ্যাপে কোনও অজানা নম্বর থেকে আসা লিঙ্ক বা মেসেজ বিশ্বাস করবেন না। কোনও আধিকারিক ফোনে আপনার কাছে ওটিপি বা আধার ডিটেইলস চাইবেন না।
এবার থেকে প্রতারিত হলে কী করবেন ?
যদি ভুলবশত আপনি ওটিপি শেয়ার করে ফেলেন বা জালিয়াতির শিকার হন, তবে এক মুহূর্ত দেরি না করে ১৯৩০ (1930) নম্বরে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইনে যোগাযোগ করুন। দ্রুত অভিযোগ জানালে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
আরও পড়ুন : এবার থেকে রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প ? মোদির জ্বালানি বাঁচানোর আহ্বানে সাড়া !
