Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ


নয়াদিল্লি: সাত ঘণ্টা আকাশে ওড়ার পর রাজধানীতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান। যান্ত্রিক গোলযোগের জেরে লন্ডন পৌঁছনো হল না। এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে যাত্রীদের। এয়ার ইন্ডিয়ার বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কারণ চলতি সপ্তাহে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল। এর আগে, চিনের আকাশ থেকে বিমান ফিরিয়ে আনতে হয়। (Air India News)

বৃহস্পতিবার দুপুরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হল Air India Flight (AI11)-কে। A350 বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। সৌদি আরবের আকাশে পৌঁছে হঠাৎই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর পরই মুখ ঘুরিয়ে দিল্লির অভিমুখে রওনা দেয় বিমানটি। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার এয়ার ইন্ডিয়ার কোনও বিমান মাঝ আকাশে মুখ ঘুরিয়ে ফিরে এল। (Air India)

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ১৩ মিনিটে বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ পুনরায় অবতরণ করে দিল্লি বিমানবন্দরে। প্রায় ৩ হাজার ৩০০ কিলোমিটার ওড়ার পর ফেরাতে হল বিমানটিতে। সৌদি আরব থেকে লন্ডন পৌঁছতে সময় লাতে ৬-৭ ঘণ্টা। তবে কাছেপিঠে কোথাও না নামিয়ে কেন দিল্লি উড়িয়ে আনা হল বিমানটিকে, সেই নিয়ে কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া। 

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, “নিরাপদে অবতরণ করেছে বিমানটি। এয়ার ইন্ডিয়া নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সচেতন। প্রযুক্তিগত ত্রুটি পরীক্ষা করে দেখা হবে, তাতে সময় লাগবে।” যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনাও করেন তিনি। তাঁদের বিকল্প যাত্রার ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান। তবে যাত্রীদের একাংশের দাবি, বিমানটিকতে হঠাৎই অদ্ভুত শব্দ শোনা যায়। এর পরই মুখ ঘোরানো হয়।

এদিন যে বিমানটিকে ফিরিয়ে আনা হল, সেটি VT-JRF নামে নথিভুক্ত। এর আগেও সমস্যা দেখা দেয় বিমানটিতে। গত ১৫ মার্চ দিল্লি থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমানটিকে আয়ারল্যান্ডের শ্যাননে নামাতে হয়। সেবারও যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

এর আগে, অতি সম্প্রতি কানাডার ভ্য়াঙ্কুভার যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চিনের আকাশে পৌঁছে আচমকাই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। প্রায় আট ঘণ্টা ধরে ওড়ার পর সেই বিমানটিকে ফেরানো হয় দিল্লিতে। বার বার কেন এয়ার ইন্ডিয়ার বিমানেই এমন ঘটনা ঘটছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে চলতি মাসে IndiGo-র বিমানও ফিরিয়ে আনতে হয়। দিল্লি থেকে ম্যাঞ্চেস্টার যাচ্ছিল বিমানটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *